কুলাউড়ায় অটোরিকশা-ইজিবাইক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০

কুলাউড়ায় অটোরিকশা-ইজিবাইক চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রতিনিধি, কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শহরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল হঠাৎ বন্ধ হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। শহরে দু-চারটি পায়ে চালিত রিকশা ছাড়া আর কিছু না পাওয়ায় পায়ে হেঁটে যার যার গন্তব্য স্থলের উদ্দেশ্যে ছুটছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে রবিবার (৮ নভেম্বর) পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন: শ্রীমঙ্গলে গাড়ি চাপায় চিত্রা হরিণের মৃত্যু

জানা যায়, বুধবার (৪ নভেম্বর) কুলাউড়া শহরে ব্যাটারিচালিত ইজিবাইক রিকশা চলাচল বন্ধ করা নিয়ে ইজিবাইক রিকশা চালকদের সাথে সিএনজিচালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে পাঁচজন আহত ছাড়াও মারমুখী শ্রমিকরা সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত করে। এ কারণে আগামী রবিবার পর্যন্ত কুলাউড়া শহরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধ থাকবে।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম জানান, আগামী রবিবার উভয়পক্ষকে নিয়ে উপজেলা প্রশাসনের বৈঠক রয়েছে। আশা করছি ওই বৈঠকে বিষয়টি সমাধান হবে।

সর্বশেষ সংবাদ