সিলেট | |
প্রকাশিত: 11:42 AM, November 15, 2026
প্রভাতবেলা প্রতিবেদক::
সিলেটে পরিবহন ধর্মঘট নিয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠন। এক পক্ষ ধর্মঘটের পক্ষে ও আরেকপক্ষ বিপক্ষে অবস্থান নিয়েছে।
আগামীকাল সোমবার ভোর ৬টা থেকে ৩ দফা দাবিতে অনির্দিষ্টকালের এ পরিবহন শ্রমিক কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। তবে এ কর্মবিরতির সঙ্গে নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন।
অপরদিকে পরিবহন মালিক সমিতি, সিলেটের আহ্বায়ক লোকমান আহমদ জানিয়েছেন, তাদের সংগঠন এ ধর্মঘট সম্পর্কে অবহিত নয়। আহুত ধর্মঘটকে অযৌক্তিক হিসেবেও আখ্যা দেন তিনি। লেঅকমান আহমদ বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে এ ধর্মঘট ডাকা হয়েছে।
জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়ন নেতারা জানান, ঘোষিত কর্মবিরতিতে তারা অংশ নেবেন না। অন্যদিকে তিন দফা দাবি আদায়ে কর্মবিরতি সফল করতে পরিবহন মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ সুরমার কদমতলীতে সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সভায় কর্মবিরতির সঙ্গে সম্পৃক্ত না থাকার আনুষ্ঠানিক ঘোষণা দেন সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ইউনিয়নের নেতারা।
সংগঠনের সভাপতি ইফতেখার আহমেদ সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সোমবারের ঘোষিত কর্মসূচি আদালত অবমাননার শামিল বলে তারা মনে করেন। এ ধরনের কর্মসূচি সরকারকে বেকায়দায় ফেলার পাশাপাশি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা। এ সময় সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের টানা চারবারের নির্বাচিত সভাপতি আবু সরকারের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান নেতারা।
এদিকে একই দিন দুপুরে নগরীর দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সোমবারের কর্মবিরতি সফল করার আহ্বান জানানো হয়। ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় সভায় নেতারা বলেন, ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারসহ তিন দফা দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সভায় জানানো হয়, তিন দফা দাবি আদায়ে গত ৮ নভেম্বর প্রশাসনের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়। এরপরও কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ১২ নভেম্বর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের সভায় ১৬ নভেম্বর ভোর ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়।
কর্মসূচির তিন দফা দাবির মধ্যে রয়েছে-সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহিদসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের জন্য নির্ধারিত পার্কিংয়ের স্থান নিশ্চিত করা এবং ট্রাক-পিকআপের মালামাল ইজিবাইক ও টমটমে পরিবহন বন্ধসহ নগরী থেকে ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও টমটম প্রত্যাহার, পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালানের নম্বর প্রদান।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ বলেন, কদমতলী টার্মিনালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ইউনিয়নের শীর্ষ নেতাদের আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে নেতাদের জড়িত থাকার প্রমাণ না মিললেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্রে তাঁদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। অবিলম্বে মামলা থেকে তাঁদের নাম প্রত্যাহার করতে হবে। নগরীর বিভিন্ন স্থানে সিএনজিচালিত অটোরিকশা, ইমা-লেগুনা ও মাইক্রোবাসের পার্কিংয়ে বাধা দেওয়া হচ্ছে। পার্কিং করলে মামলা দেওয়া হচ্ছে। অন্যদিকে ট্রাক-পিকআপের মালামাল ঝুঁকিপূর্ণভাবে ইজিবাইক ও টমটমে পরিবহন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সিএনজিচালিত অটোরিকশার ব্যাংক চালান গ্রহণ করা হলেও নম্বর দেওয়া বন্ধ রয়েছে। এসব দাবিতে আগামী সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলায় শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করার জন্য পরিবহন মালিক শ্রমিকদের প্রতি জোর দাবি জানান তারা।


সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি