রাবিদের ঘূর্ণিতে দিশেহারা শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন!

প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, মে ২, ২০২৪

রাবিদের ঘূর্ণিতে দিশেহারা শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন!

 

তানজীল শাহরিয়ার

 

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিলো ২০ অভারে। তবুও পুরো অভার ব্যাট করতে পারলো না শেখঘাট পায়োনিয়ার্স গ্রিন। মুদ্রা নিক্ষেপে জিতে প্রথমে ব্যাট করতে নামে পায়োনিয়ার্স গ্রিনের ব্যাটাররা। ইসমাইল আর শরিফের জুটি সন্তোষজনক সূচনা এনে দেয়। তবে এই জুটি ভেঙে হোয়াইট মোহামেডানকে ম্যাচে ১ম সাফল্যের মুখ দেখান রাবিদ।

 

এবারের ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগে রাবিদ হাত ঘোরালেই উইকেট পাচ্ছেন! এদিনও ব্যতিক্রম হয়নি। তবে ২ উইকেট হারিয়ে ১২শ অভারে ৫১ রান তোলা পায়োনিয়ার্স গ্রিনের সম্ভাবনা এভাবে নস্যাৎ হয়ে যাবে কে ভেবেছিলো?

 

৫১/২ থেকে ৫৯ রানে অলআউট! মাত্র ৮ রান তুলতেই ৮ উইকেট হাওয়া!

 

দুর্দান্ত ফর্মে থাকা রাবিদের সঙে রাফি আর আমিনুলও উইকেট শিকারের খেলায় মেতেছিলেন। তাতে সর্বনাশ হলো পায়োনিয়ার্স গ্রিনের ব্যাটিং লাইন আপের। শরিফ ১৯, করিম ১৪, তৌফিক ১০ রান করেছেন। আর কেউই হোয়াইট মোহামেডানের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি!

আরও পড়ুন  ‘ফাঁসি চাই ফাঁসি চাই, আকবরের ফাঁসি চাই’

 

রাবিদ ৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করে নিয়েছেন, রাফি এবং আমিনুল পেয়েছেন ২টি করে উইকেট, অনির্বাণও ১টি উইকেট তুলে উইকেট শিকারিদের খাতায় নাম লিখিয়েছেন।

 

৬০ রানের মামুলি লক্ষ্যকে সত্যিকার অর্থে টি২০ মেজাজেই তাড়া করেছে হোয়াইট মোহামেডানের ব্যাটাররা। ৯ রানে শাওন রাজের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে সাজঘরে ফিরলেও মেহদি এবং দীপ্ত পায়োনিয়ার্সের বোলারদের মোটেও পাত্তা দেননি! শাওন মাত্র ২৫ বলে ৪১ রান করেছেন, ২টি চার হাঁকালেও ছক্কা মেরেছেন দ্বিগুণ –– ৪টি! ১৫ বলে ১৬ রান করে দীপ্ত তাকে সঙ্গত করেছেন যথাযথভাবেই।

 

মাত্র ৭.৪ অভারেই ১ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতা সারে হোয়াইট মোহামেডান।

 

আর মাত্র ২ ম্যাচ বাকি আছে, সেই দুই ম্যাচ জিতে এবারের সিলেট ২য় বিভাগ ক্রিকেট লিগের শিরোপা ঘরে তুলতে মরিয়া হোয়াইট মোহামেডান। দলের কোচ আলমাস আহমদ শুক্কুর এখনই শিরোপার সুবাস পেতে শুরু করেছেন, ম্যানেজার নাসির বক্সেরও তর সইছে না দুই ম্যাচ খেলে আনুষ্ঠানিকভাবে শিরোপা হাতে তুলে নিতে।

আরও পড়ুন  সিলেটে জাতীয় সমবায় দিবস পালিত

 

৭ ম্যাচ খেলে সবকয়টি জয় পাওয়া হোয়াইট মোহামেডানের আত্মবিশ্বাসে টইটম্বুর। শিরোপা জয়ের আনুষ্ঠানিকতাটুকুই এখন বাকি।

 

 

সর্বশেষ সংবাদ