সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০
মাঠে ময়দানে প্রতিবেদক:
বাংলাদেশের ক্রিকেটের সেই শোকগাথা দিন আজ। ১৬ মার্চ, ২০০৭ বাংলাদেশের ক্রিকেটে হঠাৎই এক দমকা খবর। না ফেরার দেশে চলে গিয়েছেন তরুণ উদীয়মান ক্রিকেটার মানজারুল ইসলাম রানা। সাথে আরেক ক্রিকেটার সাজ্জাদুল হাসান সেতু। এই দুই ক্রিকেটারকে হারিয়ে ফেলার আজ ১১ বছর হতে চলল। প্রস্ফুটিত হওয়ার আগেই এই দিনে বিদায় নিতে হয়েছিল বাংলাদেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্রকে। মনে পড়ে মানজারুল ইসলাম রানা, মনে পড়ে সাজ্জাদুল হাসান সেতু। কেমন আছিস ওপারে তোরা।
মানজারুল ইসলাম রানা এদেশের প্রতিভাবান ক্রিকেটারদের একজন ছিলেন। মারা যাওয়ার আগে লাল সবুজ জার্সিতে ৬টি টেস্ট আর ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেন রানা। রানা না থাকলেও বাংলাদেশের ক্রিকেট কিন্তু আজ রানার স্বপ্ন দেখা পথেই। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে আজ বিশ্ব ক্রিকেট সমীহ করে।
১৬ মার্চ বাংলাদেশের ক্রিকেট আলাদা করেই মনেই রাখে। মাঠের ক্রিকেটে রানাই যেন ফিরে আসেন এই দিন দলের ছায়া খেলোয়াড় হয়ে। অদৃশ্য থেকেই অনুপ্রেরণা আর উৎসাহ যোগান সতীর্থ ক্রিকেটারদের। ২০০৭ সালের যেদিন রানা দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তখন ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলছিলো বাংলাদেশ দল। পরদিন রানার মৃত্যুশোককে শক্তিতে পরিণত করে ভারতের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। এরপর যখনই এই দিনে বাংলাদেশ ক্রিকেট দল মাঠে নামে, একেবারে হতাশ হতে হয় না। রানাই হয়তো ওপার থেকে বাংলাদেশের হয়ে খেলে থাকেন।
২০০৭ সালের এই দিনে রানা যখন পরপারে, পরদিন মাঠে নামে বাংলাদেশ। ওই দিন মাঠে নামা কোনো ক্রিকেটারের মনে হয়নি মানজারুল মাঠে নেই। ছিলেন দলের ছায়াসঙ্গী হয়ে। আধুনিক যুগের খেলায় কোনো ক্যামেরায় হয়তো তিনি ধরা পড়েননি। কিন্তু প্রতিটি ক্রিকেটারের সঙ্গে মাঠেই ছিলেন, বিশ্বাস ছিল পোর্ট অব স্পেনে মাঠে নামা ক্রিকেটারদের। ভারতকে হারিয়ে বাংলাদেশ সেদিন প্রমাণ করেছিলেন তার আধ্যাত্মিক উপস্থিতি।
১৯৮৪ সালের ৪ জানুয়ারি খুলনায় জন্মগ্রহণ করা মানজারুল ইসলাম রানার বাংলাদেশ দলে টেস্ট অভিষেক ঘটে ২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে। তার আগেই হয় ওয়ানডে অভিষেক। দেশের হয়ে ৬টি টেস্ট আর ২৫টি ওয়ানডে ম্যাচ খেলা খুলনার ছেলে রানা ও ৫০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা সেতু আজও আমাদের উপলব্ধিতে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি