সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৪, ২০২৪
এম রাজু আহমেদ,জুড়ী♦ পূর্ব শত্রুতার জের ধরে একজন মুক্তিযোদ্ধাকে ফাঁসাতে নিজেদের বাড়ীর মন্দিরে খড় দিয়ে আগুন লাগিয়ে দেয় একটি হিন্দু পরিবার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে প্রচার করতে থাকে ওই মুক্তিযোদ্ধা তাদের মন্দির পুড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার (২২ আগস্ট) সন্ধ্যা ছয়টায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনা ঘটে। সেনাবাহিনী ও পুলিশের অনুসন্ধানে সত্য ঘটনা প্রকাশ পাওয়ার পর এ নিয়ে জুড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনার সাথে জড়িত দুইজনকে সেনাবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে বিনোদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী আলা উদ্দিনকে বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর বাড়ী থেকে তুলে নিয়ে যান প্রতিবেশী অসিত কুমারসহ তার লোকজন। অসিতের বাড়ীতে নিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে রেখে বাড়ীর উঠানে থাকা পারিবারিক মন্দিরে খড় দিয়ে আগুন লাগায় অসিতের পরিবারের লোকজন। পরে ধর্মীয় উস্কানির লক্ষে প্রচার করা হয় মুক্তিযোদ্ধা আলা উদ্দিন মন্দির ভাংচুর করে আগুন লাগিয়ে দিয়েছেন। সংবাদ পেয়ে সেনাবাহিনীর টহলে থাকা ওয়ারেন্ট অফিসার ছায়েম আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর টিম ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মুক্তিযোদ্ধা আলা উদ্দিনকে উদ্ধার করে ও জিজ্ঞাসাবাদে আসল সত্য বের করেন।
শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা আলা উদ্দিন বাদী হয়ে ঘটনার সাথে জড়ীত ১৮ জনের নাম উল্লেখ করে জুড়ী থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যায় এজাহারভুক্ত আসামি বাড়ীর মালিক অসিত রুদ্র পাল (৪০) ও নাদিম আহমেদ (১৯) কে গ্রেপ্তার করেছে পুলিশ। জুড়ী থানার ওসি মো. মেহেদী হাসান জানান, বর্তমান সময়ের কথা চিন্তা করে ধর্মীয় উস্কানির লক্ষে এবং প্রতিপক্ষকে ফাঁসাতে আসামীপক্ষ মন্দির পোড়ানোর মতো একটি স্পর্শকাতর অপরাধ করেছে। ঘটনার সাথে জড়ীত সব আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি