সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের তৃতীয় কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের বিপক্ষে শেষ আটের লড়াই জিতে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় যুবা টাইগাররা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ম্যাচটি।
দুর্দান্ত জয় দিয়ে এবারের আসরের যাত্রা শুরু করে টাইগার যুবারা। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় তারা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৩৭ রান করে জিম্বাবুয়ে। জবাবে ১১ দশমিক ২ ওভারেই ১৩২ রান তুলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। বৃষ্টির কারণে ২২ ওভারে ১৩০ রানের টার্গেট পেয়েছিল আকবর আলীর দল।
এরপর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় স্কটল্যান্ডের। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে স্কটিশদের ৮৯ রানেই গুটিয়ে দেয় বাংলাদেশ। ২০০ বল ও ৭ উইকেট বাকি রেখেই জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। টানা ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলে টাইগাররা।
তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করে বাংলাদেশ। তারপরও ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে ওই গ্রুপের রানার্স-আপ হয় পাকিস্তান। বাংলাদেশের রান রেট ছিল ৫.০০৮। পাকিস্তানের ছিল ২.৭০৬।
যুবাদের বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য তৃতীয় স্থান। ২০১৬ সালের আসরে ‘এ’ গ্রুপে ৩ ম্যাচের সব কটিতেই জয় পায় বাংলাদেশ। তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগে খেলতে নামে তারা। ওই আসরে সুপার লিগের কোয়ার্টার ফাইনাল জিতলেও সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
যুব বিশ্বকাপ খেলতে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে টুর্নামেন্ট শুরুর আগে পচেফস্ট্রুমে সাতদিনের ক্যাম্প করে বাংলাদেশ। ক্যাম্প শেষে দুটি প্রস্তুতিমূলক ম্যাচে নিজেদের ভালোভাবেই ঝালিয়ে নেয় তারা। টুর্নামেন্ট শুরুর আগে এক সংবাদ সম্মেলনে আকবর বলেছিলেন, ‘এখানে খেলতে পেরে ভালো লাগছে। আমি মনে করি, বিশ্বকে আমাদের দক্ষতা দেখানোর এটি দারুণ সুযোগ। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’
এ দিকে ৩ খেলায় ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্স-আপ হয় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপে ৩ খেলায় ৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আফগানিস্তান। আফগানদের কাছে হার দিয়ে আসর শুরু করে প্রোটিয়ারা। ৭ উইকেটে ঐ ম্যাচ হেরেছিল তারা। তবে পরের দুই ম্যাচে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি