সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
সিলেটের লাক্কাতুরাস্থ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের পশুর হাট অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে সিলেট সদর উপজেলা প্রশাসন। হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ অভিযান চালানো হয়।
সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জি ও এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার প্রভাস কুমার সিনহার নেতৃত্বে এ অভিযান শুরু হয়। এর আগে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ এক পত্রের মাধ্যমে হাটের ইজারাদারকে হাট বন্ধের নির্দেশ দেন।
প্রসঙ্গত, লাক্কাতুরার স্কুল মাঠে ঈদ উপলক্ষ্যে পশুর হাট বসানোর জন্য ইজারা প্রদান করেছিল সিলেট সদর উপজেলা প্রশাসন। গত শুক্রবার থেকে এই মাঠে হাট বসানোর কাজ শুরু হয়। স্কুল মাঠসহ আশপাশের স্থাপনা ও মাঠে রোপণ করা গাছের চারা ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা ও করোনা সংক্রমণের ঝুঁকির কারণে এই মাঠে হাট বসানোর ব্যাপারে আপত্তি জানিয়েছিলেন অনেকে।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুর আহমদও জেলা প্রশাসনের কাছে হাট না বসানোর অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন। এছাড়া এই মাঠের পাশেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও লাক্কাতুরা চা-বাগান। কোরবানির পশুর হাট বসলে এগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা ছিল। স্কুল মাঠের গাছ নষ্ট হওয়ার শঙ্কায় হাট বন্ধের দাবি জানিয়েছিল সিলেটের কয়েকটি পরিবেশবাদী সংগঠনও। এর প্রেক্ষিতে সদর উপজেলার বাসিন্দা চান মিয়ার ছেলে জনৈক কাদির আহমদ বাদী হয়ে হাইকোর্টে একটি রিটি পিটিশন দায়ের করলে গতকাল বুধবার হাট সরানোর আদেশ দেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি তারিক উল হাকিম।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি