শুভমান গিলের ব্যাটে ঝড়।। কলকাতার কাছে হারালো চেন্নাই

প্রকাশিত: 1:00 AM, May 4, 2018

মাঠে ময়দানে ডেস্কঃ ইডেনে ৬ উইকেটে দুরন্ত জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৷ কলকাতা নাইট রাইডার্সের সামনে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু এই লক্ষ্যকেও মামুলি বানিয়ে ছাড়লেন শুভমান গিল আর দীনেশ কার্তিক। এই যুগলের ব্যাটে চড়ে চেন্নাইকে ৬ উইকেট আর ১৪ বল হাতে রেখে হারিয়েছে কলকাতা। ৩৬ বলে ৫৭ রান করে শেষপর্যন্ত অপরাজিত থাকলেন তরুণ ক্রিকেটার শুভমান গিল। অধিনায়ক দীনেশ কার্তিক করলেন মাত্র ১৮ বলে ৪৫ রান ৷ চেন্নাইয়ে হারের বদলা এদিন সুদে আসলে নিলেন কার্তিকরা ৷ সিএসকে-কে হারিয়ে লিগ টেবিলে এখন তিন নম্বরে কেকেআর।
কেকেআর এর শুরুটা ভালই ছিল। লুঙ্গি এনগিডি-র প্রথম ওভারেই পরপর দুটি ছক্কা হাঁকালেন ক্রিস লিন ৷ প্রথমটা ডিপ স্কোয়ার লেগের উপর দিয়ে এবং পরেরটা সোজা লং অন বাউন্ডারির উপরে ছক্কা হাঁকালেন লিন ৷ প্রথম ওভার শেষে কেকেআর-এর রান ১২/১। এরপর মাত্র ৬৩ রানেই তিন উইকেট হারিয়ে বসে। ওপেনার সুনীল নারিন ২০ বলে ৩২ রান করে আউট হলেন ৷ আউট রিঙ্কু সিং ১৬ রান করে ভাজ্জির বলে বোল্ড হয়ে ফিরেন। ১৭ ওভার শেষে কেকেআর-এর স্কোর- ১৬৫/৪।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চেন্নাই সুপার কিংস তুলেছিল ৫ উইকেটে ১৭৮ রান। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল চেন্নাইয়ের। ফাফ ডু প্লেসিস আর শেন ওয়াটসন ৩১ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৪৮ রান। ১৫ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ২৭ রান করা ডু প্লেসিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন পীযূষ চাওলা। দ্বিতীয় উইকেটে সুরেশ রায়নাকে নিয়ে তবু চালিয়েই খেলেছেন ওয়াটসন। ২৫ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৬ রান করে সুনীল নারিনের শিকার হন এই ব্যাটসম্যান। সুরেশ রায়না করেন ২৬ বলে ৩১রান। আম্বাতি রাইডু ১৭ বলে ২১ রান করে নারিনের বলে বোল্ড হন। চেন্নাই ১১৯ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। এরপর চেন্নাই অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি অপরাজিত ২৫ বলে ৪৩ রান করে দলকে লড়াইয়ে পুঁজি তুলে দেন।

সর্বশেষ সংবাদ