সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০
প্রভাতবেলা প্রতিবেদক:
তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।
সর্বশেষ চূড়ান্ত করা ৬৪ পৌরসভার মধ্যে সিলেট ও মৌলভীবাজারের তিনটি পৌরসভাও রয়েছে। এর মধ্যে সিলেট জেলার জকিগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র মো. খলিল উদ্দিন ও গোলাপগঞ্জ পৌরসভায় পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহেল আহমদকে নৌকার মাঝি হিসেবে চূড়ান্ত ঘোষণা করা হয়েছে।
এছাড়া মৌলভীবাজার পৌরসভায় বর্তমান মেয়র মো. ফজলুর রহমানকে আবারো নৌকার মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
এদিকে শনিবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গত রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমা গ্রহণ কার্যক্রম। শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।
তৃতীয় ধাপের ৬৪টি পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এসব পৌরসভায় মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।
প্রসঙ্গত, ইসির তফসিল অনুযায়ী- প্রথম ধাপের নির্বাচন ২৮ ডিসেম্বর। এ সময় ২৫টি পৌরসভার নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ৬১ পৌরসভায় ভোট হবে ১৬ জানুয়ারি। ৬১ পৌরসভার মধ্যে ইভিএমে ২৯টি পৌরসভায় ও ব্যালটের মাধ্যমে ৩২টি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি