রিকাবীবাজারে ভূ-গর্ভে বৃহত পানিস্তরের সন্ধান

প্রকাশিত: ২:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০১৭

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট মহানগরীর মীরের ময়দান পয়েন্ট সংলগ্ন স্থানে নতুনভাবে আরেকটি প্রোডাকশন টিউবওয়েল (উৎপাদক নলকূপ) চালু করতে যাচ্ছে সিলেট সিটি কর্পোরেশন। ৬৫ লক্ষ টাকা ব্যয়ে এই প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকালে রিকাবীবাজার পয়েন্ট সংলগ্ন স্থানের ভূ-গর্ভে  বৃহৎ একটি পানির স্তর পাওয়া গেছে। ২০০ ফুটেরও বেশি এই পানির স্তর পাওয়ার ফলে এই প্রোডাকশন টিউবওয়েলের মাধ্যমে প্রতিদিন গড়ে ৯০ হাজার থেকে ১ লাখ লিটার পানি সরবরাহ করা যাবে বলে আশা করছেন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।
এতে করে উপকৃত হবেন সিলেট সিটির ১, ২, ৩, ১৩, ১৪, ১৫, ১৬ নম্বর ওয়ার্ড তথা ৭টি ওয়ার্ডের বাসিন্দা। মঙ্গলবার (১৭ জানুয়ারী) সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব রিকাবীবাজারে  প্রোডাকশন টিউবওয়েল এর নির্মাণকাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এস এম আবজাদ হোসেন।
এ ব্যাপারে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব জানান, ‘মহানগরবাসীর ক্রমবর্ধনার চাহিদার কথা বিবেচনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নতুনভাবে আরও ৩টি প্রোডাকশন টিউবওয়েল নির্মাণের জন্য টেন্ডার আহবান করা হয়। যার মধ্যে মানিকপীর গোরস্তান সংলগ্ন স্থানে একটি এবং রিকাবীবাজার পয়েন্টে দ্বিতীয়টির নির্মাণকাজ চলছে। শেখঘাটে তৃতীয় প্রোডাকশন টিউবওয়েল এর নির্মাণকাজও শুরু হবে শিগগিরই।’
মহানগরবাসীর চাহিদা মেটাতে হলে একাধিক ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা প্রয়োজন উল্লেখ করে এনামুল হাবীব জানান, ‘ভবিষ্যতের কথা চিন্তা করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের দিকে আমাদের মনোযোগী হতে হবে। এরই লক্ষ্যে কুশিঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের পর আরেকটি ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণের প্রক্রিয়া শুরু করা হয়েছে।
সিটি কর্পোারেশনের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মহানগরবাসীর পানির চাহিদা অনেকটাই পূরণ হয়ে যাবে।’ এদিকে সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আলী আকবর জানিয়েছেন, ‘নতুন তিনটি প্রোডাকশন টিউবওয়েল নির্মাণকাজ শেষ হলে সিটি কর্পোরেশনের প্রোডাকশন টিউবওয়েল এর সংখ্যা ৪২-এ উন্নীত হবে।’

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ