কানাডার গভর্নর জেনারেলের নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রকাশিত: 7:45 PM, June 9, 2018

প্রভাতবেলা আন্তর্জাতিক ডেস্কঃ  জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা অন্য নেতাদের সঙ্গে কানাডার গভর্নর জেনারেল জুলি পায়াতের নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

শুক্রবার (৮ জুন) স্থানীয় সময় রাতে লা সেটাডেল দি কুইবেকে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা রাষ্ট্র ও সরকার প্রধানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন কানাডার গভর্নর।

 

ব্রিটিশ রানির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী গভর্নর জেনারেলই কানাডার রাষ্ট্রপ্রধান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, নৈশভোজে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুক, হাইতির প্রেসিডেন্ট ও ক্যারাবিয়ান কমিউনিটির চেয়ারপারসন জোভেনাশ মইসসহ অন্যান্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

কানাডার গভর্নরের দেওয়া এ নৈশভোজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

 

বিশ্ব অর্থনীতির সাত পরাশক্তির জোট জি-৭ সম্মেলনের পাশাপাশি আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির বিষয়ে আলোচনার জন্য জোটের বাইরে থেকে বিভিন্ন দেশকে আলাদা বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। একেই বলা হয় জি-৭ আউটরিচ মিটিং।

আরও পড়ুন  তফসিল ঘোষণা ঘিরে চাপা আতঙ্ক

 

এবার এই সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছাড়াও কয়েকটি দেশের সরকারপ্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে কানাডা সরকার।

 

জি-৭ আউটরিচ সম্মেলনে যোগ দিতে শুক্রবার দুপুরে কুইবেকে পৌঁছান শেখ হাসিনা।

সর্বশেষ সংবাদ