পুঁজিবাজার এখন বিশ্ব বিনিয়োগের অন্যতম আকর্ষণ- প্রধানমন্ত্রী

প্রকাশিত: 9:24 PM, June 28, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ দেশের পুঁজিবাজার এখন বিশ্ব বিনিয়োগের অন্যতম আকর্ষণ। একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার জন্য ধারাবাহিকভাবে পলিসি সাপোর্ট, আইনগত সংস্কার ও অবকাঠামো নির্মাণসহ নানাবিধ সহযোগিতা দিচ্ছে সরকার । ফলে শিল্প, অবকাঠামো ও সেবাখাতে অর্থায়নের ক্ষেত্রে বাজারের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

পুঁজিবাজারের বিভিন্ন অনিয়ম দূর করে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের পুঁজিবাজার এখন বিশ্ব বিনিয়োগের অন্যতম আকর্ষণ।

 

বৃহস্পতিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেটের সমাপনী অধিবেশনে পুঁজিবাজারের উন্নয়নে সরকারের নেওয়া উদ্যোগগুলো প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

 

জাতীয় সংসদে বৃস্পতিবার ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস হয়।

অর্থমন্ত্রীর ভাষণে পুঁজিবাজার না থাকায় কেউ কেউ কথা তুলেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “পুঁজিবাজার নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে, এটা নিয়ে সেটা নিয়ে অনেক কিছুই হয়েছে। অর্থমন্ত্রীর ভাষণে নেই বলে কেউ কেউ এটা নিয়ে কথা তুলেছে। যেহেতু পুঁজিবাজার এখন সুষ্ঠভাবে চলছে সেখানে বলার কি আছে।”

আরও পড়ুন  ব্রিকস সম্মেলন: শি জিনপিংয়ের সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ

 

পুঁজিবাজারের জন্য যা যা করার সবই করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

 

“একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুঁজিবাজারকে উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি, কাজ করে যাচ্ছি।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পুঁজিবাজারের উন্নয়নের লক্ষ্যে স্বল্পমেয়াদে, স্টক এক্সচেঞ্জে স্মল ক্যাপ প্লাটফর্মের কার্যক্রম চালু করা, নতুন ফিক্সড ইনকাম ফিন্যান্সিয়াল প্রোডাক্টসহ বন্ড মার্কেটের উন্নয়ন করা, ইফাইলিং থেকে শুরু করে সব জায়গায় ডিজিটাল ব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

শেখ হাসিনা বলেন, সার্ভিল্যান্স ও তদারকি ব্যবস্থার উন্নয়ন ও জোরদারকরণের মাধ্যমে পুঁজিবাজারে সুশাসন ও শৃংঙ্খলা নিশ্চিত করা, বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকে বিনিয়োগ শিক্ষার মৌলিক বিষয়গুলো অবহিত করা, বিশ্ব অর্থনীতির পরিবর্তনের ফলে নিত্যনতুন বিষয়গুলো আয়ত্ত করার উদ্দেশ্যে কমিশনের কর্মচারীদের দেশে ও বিদেশে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে’।

 

এবারের বাজেটকে চমৎকার আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, “এবারের বাজেট আমি যা মনে করি, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট দিয়েছেন অত্যন্ত চমৎকার একটা বাজেট, যেটা নিয়ে কেউ কোনো কথা বলতে পারে নাই।

আরও পড়ুন  ডুপিটিলা গ্যাসকূপ খনন কাজে স্থাবর সম্পত্তি অধিগ্রহণের আবেদন

 

শেখ হাসিনা বলেন, “সকল শ্রেণির মানুষেরই কথা বিবেচনা করে দীর্ঘদিন পরিশ্রম করে তিনি বাজেট উপহার দিয়েছেন। কাজেই এ বাজেট বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে যাবে সেটাই আমরা আশা করি। অর্থমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘজীবী হোন তিনি, আরও বাজেট দিন আমরা সেটাই চাই।”

 

 

সর্বশেষ সংবাদ