সিলেট লিগে বঙ্গবীরের রান উৎসব

প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৩

সিলেট লিগে বঙ্গবীরের রান উৎসব
তানজীল শাহরিয়ার: মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ৩য় ম্যাচে তারকায় ঠাসা বঙ্গবীর অগ্রগামী ক্রীড়াচক্রের রান তোলার উৎসবের ‘বলি’ হলো ইয়ুথ সেন্টার ক্লাব। শনিবার সিলেট জেলা স্টেডিয়ামে অলক-আবু বক্করের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে বঙ্গবীর তুলে নিয়েছে ২১৩ রানের বিশাল এক জয়।

 

টসে জিতে বঙ্গবীরকে ব্যাট করার আমন্ত্রণ জানায় ইয়ুথ সেন্টার ক্লাব। মেঘলা আকাশ, হিমেল হাওয়া বয়ে যাওয়া দিনে বোলাররা উইকেট থেকে বাড়তি সুবিধা পাবেন সেই ভাবনা থেকেই ইয়ুথ সেন্টার হয়ত প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলো।

 

মুস্তাক ২য় ওভারেই ওপেনার সামিকে ফিরিয়ে দেন। শুরুতেই উইকেট হারালেও ওপেনার তান্না এবং তিনে নামা জাভেদ সাবলীল ব্যাটিং করছিলেন। রানও তুলছিলেন দ্রুতগতিতে। তবে ৮০ রানের জুটি গড়ার পর শাকিলের বলে ক্যাচ দিয়ে আউট হন জাভেদ, স্কোর বোর্ডে আরো ১০ রান যোগ হবার পরে দলীয় ৯২ রানে লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তান্না।

 

৪র্থ উইকেট জুটিতে ১২২ রান তুলে অভিজ্ঞ অলক কাপালি এবং আহমেদ সাদিকুর রহমান তাজিন বঙ্গবীরকে বিশাল সংগ্রহের ভিত গড়ে দেন। তাজিন ৪৩ রান করে সাজঘরে ফিরলেও অলক কাপালি দারুণ ছন্দময় ব্যাটিং করেছেন।

আরও পড়ুন  উচ্ছাস আনন্দে অন্য রকম এক সন্ধ্যায় টাইগ্রেসরা

 

অলক স্বভাবসুলভ ভঙ্গিতে উইকেটের চারপাশেই দৃষ্টিনন্দন সব শট খেলেছেন। ড্রাইভ, কাট, স্লগ সুইপ — ইয়ুথ সেন্টারের তরুণ ক্রিকেটারদের দর্শক বানিয়ে দুর্দান্ত সব শটের পসরা সাজিয়েছেন বাংলাদেশ জাতীয় দলে খেলা এই ক্রিকেটার। শেষ পর্যন্ত আজুয়াদের বলে স্ট্যাম্পড আউট হয়ে ফেরেন এই স্টাইলিশ ব্যাটার। ফেরার আগে তোলেন ৭৫ রান।

 

তাঁর বিদায়ের পরেও বঙ্গবীরের রানের চাকা সচল রাখেন আবু বক্কর, তাকে যোগ্য সঙ্গত দেন হার্ড হিটার এজাজ। এই দুই ব্যাটারের ঝড়ো ব্যাটিং শেষ ১০ অভারে ৯৪ রান আসে। আবু বক্কর ৫২ রান করে অপরাজিত রয়ে যান। এজাজ ৩২ রান করে আউট হন।

 

নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান তোলে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র।

 

ইয়ুথ সেন্টার ক্লাবের আজুয়াদ ৪৩ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। মুস্তাক, শাকিল, রাজন ১টি করে উইকেট তুলে নেন।

 

৩০২ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ম ওভারেই উইকেট হারায় ইয়ুথ সেন্টার। আবু জায়েদ রাহির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন লিমন। অলক কাপালি আজুয়াদ এবং সানিকে ফিরিয়ে দিলে ইয়ুথ সেন্টার ২১ রানের মধ্যেই ৩ উইকেট খুইয়ে বসে। শুরুর এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারুণ্য নির্ভর ইয়ুথ সেন্টার।

আরও পড়ুন  করোনা আতঙ্কে দেশের সব খেলা স্থগিত

 

বাঁহাতি স্পিনার রাহাতুল ফেরদৌস জাভেদ ৪.৪ অভার বল করে ১০ রান দিয়ে ৫ উইকেট তুলে নিয়ে ইয়ুথ সেন্টারকে মাত্র ৮৮ রানেই অলআউট করে দিতে প্রধান ভূমিকা পালন করেন। সাকল্যে ২৫.৪ অভার খেলেছে ইয়ুথ সেন্টার ক্লাব। অলক কাপালি, আবু জায়েদ রাহি ২টি করে, জয়নুল ১টি উইকেট লাভ করেন।

প্রতিপক্ষের বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করা ইয়ুথ সেন্টারের মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্কের দেখা পান — অধিনায়ক রায়হান ১৭, মহসিন ১৩ রান করেন। তবে ইনিংসের সর্বোচ্চ রান আসে অতিরিক্ত খাত থেকে — ১৮!

 

শক্তিশালী বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র বিশাল জয় দিয়ে লিগে যাত্রা শুরু করলো। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অলক কাপালি।

 

আগামিকাল লিগের ৪র্থ ম্যাচে মুখোমুখি হবে বীর বিক্রম ইয়ামিন ক্রীড়া চক্র এবং অ্যাপোলো ইলেভেন ক্লাব। সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ সংবাদ