সিলেটে অনুশীলনে ব্যাটিংয়ে জোর দিচ্ছেন হাথুরুসিংহে

প্রকাশিত: 11:08 PM, March 2, 2024

সিলেটে অনুশীলনে ব্যাটিংয়ে জোর দিচ্ছেন হাথুরুসিংহে

 

আফজল হোসেন

 

শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজ খেলতে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল৷ টি২০ দলে থাকা সব ক্রিকেটার অবশ্য আজ ছিলেন না অনুশীলনে, যারা এসেছিলেন তাদের বেশিরভাগই বোলার। বোলারদের বাইরে অনুশীলনে ব্যাটার ছিলেন এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখরা। শুক্রবার রাতে বিপিএল ফাইনাল ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের হয়ে খেলেন টি২০ দলে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানরা। অনুশীলনে পরে যোগ দেবেন তারা।

 

ব্যাটারদের অনুশীলন সম্পর্কে জানতে চাইলে এক মাঠকর্মী মজার ছলে বলেন, ‘ব্যাটার আজ ছিলেন মাত্র চারজন, তারা আগেভাগেই সেরে নিয়েছেন অনুশীলন’।

 

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মাঝমাঠে উইকেটের পাশে তখন দাঁড়িয়ে আছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও সদ্য তিন সংস্করণে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়া শান্ত। দুজনের আলাপচারিতা দেখেই স্পষ্ট বোঝা গেল ৪ঠা মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া টি২০ সিরিজ নিয়ে কথা বলছেন কোচ ও অধিনায়ক।

 

অন্যদিকে মাঠের পশ্চিম পাশের তিন নেটেই ব্যাটিং অনুশীলনে ব্যস্ত ছিলেন বোলাররা। পূর্ব পাশের নেটে তাসকিন আহমেদ, মাঝের নেটে শরীফুল ইসলাম। একদম পশ্চিমে শেখ মেহেদী হাসান।

 

অনুশীলনের প্রথম ভাগে ব্যাটিং অনুশীলন মূল ব্যাটাররা, শেষ ভাগে গ্লাভস-প্যাড পরে ব্যাট হাতে অনুশীলনে মাতেন বোলাররা। বোলারদের ব্যাটিং অনুশীলন পর্যবেক্ষণে ছিলেন নবনিযুক্ত বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প। সিলেটের স্থানীয় তরুণ পেসার ও স্পিনারদের পাশাপাশি এসময় নেটে তাসকিন-শরীফুলদের বোলিং করেন বাংলাদেশ টেস্ট দলের সদস্য সৈয়দ খালেদ আহমেদ।

আরও পড়ুন  বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন আফগানদের

 

নেটে ব্যাটিং অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন তাসকিন, কঠোর অনুশীলনের মাধ্যমে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও বেশ উন্নতি করছেন তাসকিন। সেই উন্নতির ছাপ তিনি রাখছেন আন্তর্জাতিক ক্রিকেটে। মাঝেমধ্যে ছোটোখাটো ঝড়ো ইনিংসে মাতাচ্ছেন বাইশ গজ। তাসকিনের ব্যাটে সেই ছাপ আজ নেটেও ছিল।  চার-ছক্কায় মনোযোগী ছিলেন সদাসর্বদা। খালেদের বলে লং অফের উপর হাঁকিয়েছেন এক ছক্কা। নেটে ব্যাটিং করছেন বলে খালেদ সহজে সেই ছক্কা মানতে চাইলেন না, কারণ সেখানে তো বাউন্ডারির কোনো সীমারেখা ছিল না।

 

তাসকিন তখন দ্বারস্থ হলেন শরিফুলের, তার কাছ থেকেই জানতে চাইলেন ‘এটা ছক্কা ছিল কিনা’। শরীফুল সায় দেওয়ায় তাসকিন বলে উঠলেন, ‘খালেদের বলে ছক্কা মারছি বলে কথা। খালেদকে ছক্কা মারা সহজ ব্যাপার না’।

 

খালেদ-তাসকিনের খুনসুটিতেই নেটে ব্যাটারের অদলবদল হল। মাঝ নেট ছেড়ে শরীফুল দাঁড়ালেন তাসকিনের নেটের পাশে, শরীফুলের জায়গা নিলেন তানজিম হাসান সাকিব। পশ্চিমের নেটে গ্লাভস-প্যাড পরে আসলেন জাকির হাসান। জাকির-সাকিব-তাসকিনকদের ব্যাটিং পর্যবেক্ষণে যেমন ছিলেন ব্যাটিং কোচ হেম্প, ঠিক তেমনি খালেদের বোলিং পরখ করছিলেন জাতীয় দলের নতুন বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস।

আরও পড়ুন  টি-২০ সিরিজ: পারেনি বাংলাদেশ, এগিয়ে শ্রীলঙ্কা

 

পূর্বপাশের নেটে তাসকিন-শরিফুল পালাক্রমে ব্যাটিং অনুশীলন, মাঝ নেটে সাকিব ছিলেন একা। পশ্চিমে জাকির অনুশীলন করেন বোলিং মেশিনে। নেট সেশন শেষে মাঝমাঠে কোচ-অধিনায়কের কাছেই জড়ো হন তাসকিন-শরীফুলরা। সেখানে খানিকক্ষণ আলাপ শেষে প্রধান কোচ হাথুরুসিংহে ফিরেন নেটে।

 

এদিকে প্রধান কোচের মনোযোগ জাকিরকে নিয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ ও প্রথম দুই ওয়ানডে দলে জাকির না থাকলেও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে কোচের পরিকল্পনায় ঠিকই আছেন এই ওপেনার।

 

জাকিরকে টেস্টের জন্য ঝালাই করতে নেটে ডাকলেন পেসার খালেদকে, সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা ইকবাল হোসেন ইমনের কাছে জানতে চাইলেন আজ তিনি কয় ওভার করেছেন। আজকের দিনের বোলিং কোটা পূরণ হওয়ায় ইমনকে আর নেটে ডাকেননি কোচ। খালেদের সঙে সিলেটের স্থানীয় এক পেসার ও অনূর্ধ্ব-১৯ দলে খেলা সিলেটের ডান হাতি স্পিনার মোজাক্কির হোসেনকে দিয়েই হাতুরু নিলেন জাকিরের টেস্ট পরীক্ষা।

 

খালেদের বল খেলতে গিয়ে একটু গড়মিল পাকাচ্ছিলেন জাকির, সেটা কোচের পছন্দ হয়নি। তাই বারবার জাকিরকে ভুল শুধরে দিয়ে বিভিন্ন টোটকাও দিচ্ছিলেন হাথুরুসিংহে।

 

বাংলাদেশ দল অনুশীলনে ব্যস্ত ছিল মূল মাঠে, দক্ষিণ পাশের একাডেমি মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য নিজেদেরকে প্রস্তুত করছিল শ্রীলঙ্কাও। তারাও ব্যাটিং-বোলিংয়ে ঘাম জড়িয়েছে নেটে।

 

সর্বশেষ সংবাদ