২০ মাস পর টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস!

প্রকাশিত: 11:43 PM, March 22, 2024

২০ মাস পর টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছেন কামিন্দু মেন্ডিস!

 

আফজল হোসেন

 

অভিষেকটা তার ২০২২ সালে, ক্রিকেটের অভিজাত সংস্করণে পা রাখার দিনে কামিন্দু মেন্ডিস ব্যাট করার সুযোগ পেয়েছিলেন মাত্র এক ইনিংসে। খেলেছিলেন ৬১ রানে দারুণ এক ইনিংস। কামিন্দুর সেই অভিষেক ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে এক ইনিংস ও ৩৯ রানে হারিয়েছিলো শ্রীলঙ্কা।

 

অভিষেক ম্যাচে অর্ধশত রানের ইনিংস খেলেও নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে দীর্ঘ ২০ মাসের অপেক্ষায় থাকতে হয়েছে কামিন্দুকে। দীর্ঘ সেই অপেক্ষার পরিসমাপ্তি ঘটল সিলেটে। শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে খেলতে নেমে দলের ব্যাটিং বিপর্যয়ে ক্রিজে এসে কামিন্দু হাঁকিয়েছেন দুর্দান্ত এক সেঞ্চুরি। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলেছেন।

 

৫৭ রানে ৫ উইকেট হারানোর পর লঙ্কানদের ইনিংসের হাল ধরেন কামিন্দু, সঙ্গী ছিলেন অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। দুজনেই পড়েছেন একই কলেজে, গলের রিচমন্ড কলেজে পড়ার সময় অবশ্য ধনাঞ্জয়ার সাথে খেলার সুযোগ পাননি কামিন্দু। আজ যখন ক্রিজে আসলেন, তখন অপরপ্রান্তে কলেজের ‘বড় ভাই’ ধনাঞ্জয়া দাঁড়িয়ে আছেন যোগ্য সঙ্গীর অপেক্ষায়।

 

কামিন্দুও হতাশ করেননি কলেজের বড় ভাইকে, সেই সাথে মাঠে আসা গুটিয়ে কয়েক লঙ্কান সমর্থক আর দেশে বসে টিভিতে শ্রীলঙ্কার খেলা দেখতে থাকা ক্রীড়া প্রেমিদেরও প্রত্যাশা মিটিয়েছেন কামিন্দু। ধনাঞ্জয়ার সাথে তার ২৪৪ বলে ২০০ রানের ষষ্ঠ উইকেট জুটি যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না৷ এই জুটিতেই শ্রীলঙ্কা সংগ্রহ করেছে ২৮০ রান। আর শেষ বিকেলে স্বাগতিকদের মূল্যবান ৩ উইকেট তুলে নিয়ে প্রথম দিন শেষে লঙ্কানরাই চালকের আসনে আছে বলাই যায়।

আরও পড়ুন  মিরাজের অধিনায়কত্বে ভবিষ্যৎ দেখছেন মাশরাফি

 

প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন ক্রিকেটের অভিজাত সংস্করণে নিজের প্রথম সেঞ্চুরি হাঁকানো কামিন্দু মেন্ডিস। সেখানে নিজের দ্বিতীয় টেস্ট খেলতে প্রায় ২০ মাসের বিরতি নিয়ে কথা বলার পাশাপাশি ধনাঞ্জয়া ডি সিলভা একই কলেজে পড়েছেন সে কথাও বলেন কামিন্দু। সিলভা বেশ সিনিয়র হওয়ায় কলেজে একসঙে খেলতে না পারলেও জাতীয় দলে খেলার সুযোগ পেয়ে দারুণ খুশি তিনি।

 

দীর্ঘ বিরতির পর দ্বিতীয় টেস্ট খেলতে পেরে খুব খুশিই কামিন্দু মেন্ডিস। ‘আমি দারুণ খুশি, এটা আমার দ্বিতীয় টেস্ট। আমি জানি যে টেস্ট দলে সুযোগ পাওয়া অনেক কঠিন। কারণ আমাদের দল তখন পুরোপুরি ব্যাটিং সম্মৃদ্ধ ছিল। দলে জায়গা করে নিতে বিগত কয়েক বছর আমাকে বিরামহীনভাবে কাজ করতে হয়েছে।’ এভাবেই নিজের অনুভূতি জানান এই মিডল অর্ডার ব্যাটার।

 

ধনাঞ্জয়ার সাথে ২০০ রানের অসাধারণ জুটি নিয়ে কামিন্দু বলেন, ‘আমাদের এই জুটিটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তবে আমরা জুটিটা আরও লম্বা করতে পারলে দলের সংগ্রহ আরো বড় হতে পারত।’

 

দীর্ঘ বিরতির পর মাঠে নেমেই সেঞ্চুরিতে বেশ খুশি, ‘আমি দারুণ খুশি আমার পারফরম্যান্সে। আমার পাশে থাকা সিনিয়রদের প্রতি কৃতজ্ঞ, তাদের সাথে থেকে বিগত কয়েক বছরে আমি অনেক কিছু শিখেছি। আমি মনে করি সিনিয়রদের কাছ থেকে পাওয়া সেই অভিজ্ঞতাই আজকের সেঞ্চুরি করতে কাজে লেগেছে।’

আরও পড়ুন  কিংবদন্তী ফুটবলার পাওলো রসি আর নেই

 

ধনাঞ্জয়া ও কামিন্দু একই কলেজে পড়াশোনা করেছেন। গলের রিচমন্ড কলেজে পড়ার সময় কলেজের হয়ে ক্রিকেট খেলেছেন দুজনেই, তবে এভাবে একসঙে কখনো নামা হয়নি তাদের। আজ শ্রীলঙ্কার বিপদে দুজনেই হাল ধরেছেন। এ প্রসঙ্গে কামিন্দু বলেন, ‘হ্যাঁ, আমরা একই স্কুলে খেলেছি। ধনাঞ্জয়া এমন একজন যাকে সিনিয়র হিসেবে দেখেছি। আমি খুব খুশি যে ধনাঞ্জয়ার সঙ্গে খেলতে পারছি এবং তিনি আমাদের টেস্ট দলের অধিনায়ক।’

 

কামিন্দু আরো যোগ করেন, ‘আমি কখনো তার সাথে স্কুলে খেলিনি। তিনি বয়সে আমার চেয়ে বড় ছিলেন। তার সাথে ব্যাট করার এটাই উপযুক্ত সুযোগ ছিল।’

 

বাংলাদেশের তিন ব্যাটারকে ফিরিয়ে দিন শেষ করা লঙ্কানরা দ্বিতীয় দিনের সাতসকালে স্বাগতিকদের দ্রুত আরও দুই একটা উইকেট তুলে নিতে চান। দ্বিতীয় দিনের প্রত্যাশা জানাতে গিয়ে লঙ্কান এই ব্যাটার বলেন, ‘পেসারদের জন্য এটি খুবই ভালো উইকেট। তারা দ্রুতই ৫ উইকেট তুলে নেয়। আবার ৩০ রানের আশেপাশে তারাও ৩ উইকেট হারিয়েছে। সকালের শুরুতে যদি আমরা আরও দুই-একটা উইকেট নিতে পারি তাহলে তাদের আটকানো সহজ হবে।’

 

সর্বশেষ সংবাদ