সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৪
তানজীল শাহরিয়ার : মাহা ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২৩-২৪’র ১৫শ ম্যাচে অনির্বাণ ক্রীড়া চক্রকে শোচনীয়ভাবে পরাজিত করেছে ঐতিহ্যবাহী জিমখানা ক্লাব। ৩ ম্যাচ খেলে এখনো অপরাজিত রয়েছে জিমখানা।
টসে জয়লাভ করে জিমখানাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় অনির্বাণ।
৭.১ অভারে ৩১ রান তুলে উদ্বোধনী জুটি ভালো সূচনা এনে দেয়, তবে ২৬.১ অভারে জিমখানা যখন ৬ষ্ঠ উইকেট হারায় তখন তাদের রান ৮০! ইমরান-নাবিল-আসাদের স্পিনে জিমখানার ব্যাটাররা উইকেটে টিকে থাকতে হিমশিম খেয়েছেন।
৭ম উইকেটে গালিব এবং মুশফিক ৩৩ রান তুলে প্রাথমিকভাবে বিপর্যয় সামাল দেন। ৮ম উইকেটেও গালিব এবং সাঈদ এবং ৬৮ রান যোগ করে জিমখানাকে চ্যালেঞ্জিং স্কোর গড়ার পথ করে দেন।
অন্যান্য ব্যাটাররা রান তুলতে সংগ্রাম করলেও সাঈদ অনির্বাণের বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছেন। মাত্র ৪২ বলে তুলে নিয়েছেন অর্ধশতক। সাঈদের এই ইনিংসের ওপর ভর করেই জিমখানা ৪৯.৪ অভারে অলআউট হবার আগে ১৯১ রান সংগ্রহ করে।
সাঈদ ইনিংসের সর্বোচ্চ ৫১ রান করেন মাত্র ৪৪ বলে। ১টি চার আর ৫টি ছক্কায় সাজানো ছিলো তার বিস্ফোরক ইনিংসটি। এছাড়া গালিব ৩২, জীবন ২৫, সাদি ১৬ রান করেন।
অনির্বাণের বাঁহাতি স্পিনার ইমরান ২৯ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। মুকুল,আসাদ ২টি করে এবং নাবিল সামাদ ১টি উইকেট লাভ করেন।
২য় ইনিংসে ব্যাট করতে নেমে ১ম অভারেই উইকেট হারায় অনির্বাণ। জিমখানার বোলারদের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করেছে অনির্বাণের ব্যাটিং লাইন আপ। কোনো ব্যাটারই উইকেটে থিতু হতে পারেননি।
৫০ অভারের ইনিংসে মাত্র ২১.৩ অভারে ৫৪ রান তুলে সবকয়টি উইকেট হারায় অনির্বাণ। শ্রাবণ ১৩, সাগর ১১, সাজ্জাদ ১০ — এই তিনজন ছাড়া বাকি ৮ জন ব্যাটারের কেউই দুই অঙ্কের দেখা পাননি! গুরুত্বপূর্ণ ম্যাচে অনিবার্ণের ব্যাটারদের এমন হতশ্রী ব্যাটিংই শোচনীয় পরাজয়ের মূল কারণ।
জিমখানার বোলাররা যূথবদ্ধ হয়ে বল করে নিয়মিত উইকেট তুলে নিয়েছেন। সবচেয়ে সফল বোলার ছিলেন জীবন, ৫ অভার বল করে ৩ মেডেন আর মাত্র ৩ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি। মুশফিকুর ৬ অভারে ৮ রান দিয়ে ২টি, কামরুল ৫ অভারে ১৫ রান দিয়ে ২টি, জামিল ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট লাভ করেন। গালিব ৩ বল করে কোনো রান না দিয়ে ১টি উইকেট তুলে নেন।
১৯১ রান করলেও ১৩৭ রানের বিশাল ব্যবধানে অনির্বাণকে হারিয়ে মাঠ ছাড়ে জিমখানা।
ঝড়ো ব্যাটিং করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জিমখানার সাঈদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি