একদফা দাবিতে এবি পার্টির বিক্ষোভ

প্রকাশিত: 4:12 PM, August 18, 2023

একদফা দাবিতে এবি পার্টির বিক্ষোভ

প্রভাতবেলা ডেস্ক:

সরকারের পদত্যাগের একদফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

 

আজ দুপুরে রাজধানীর বিজয় নগরে দলীয় কার্যালয় থেকে পূর্বনির্ধারিত বিক্ষোভ মিছিলটি শুরু হয়। সেগুনবাগিচা, কাকরাইল ও নাইটেঙ্গল মোড় হয়ে মিছিলটি নয়া পল্টনের দিকে যেতে চাইলে পুলিশী ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশ মিছিলের গতিপথ আটকে দেয়। এসময় বিক্ষুব্ধ কর্মীরা শ্লোগান দিতে থাকলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

 

পরে এবি পার্টির সিনিয়র নেতারা কর্মীদের শান্ত করে মিছিল নিয়ে পল্টন মোড়ের দিকে চলে যায়। একদফার দাবিতে মিছিলটি পরে পুরানা পল্টন ও পল্টন মোড় ঘুরে বিজয়-৭১ চত্বরে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

 

দলের সিনিয়র সরকারী সদস্য সচিব আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় ও মহানগর দক্ষিণের আহ্বায়ক বিএম নাজমূল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

 

তাজুল ইসলাম বলেন, ‘গত পনের বছরে জনগণ ভোট দিতে পারেনি। বিরোধী দলের ওপর হামলা, মামলা করে এমনকি জানাজা নামাজেও হামলা চালিয়ে সরকার প্রমাণ করেছে তাদের অধীনে জনগণ নির্ভয়ে কোনো ভোট দিতে পারবে না। এখন এমন একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে যেন জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে।’

আরও পড়ুন  জাতীয় ঐক্যের মাধ্যমেই সরকারের পতনঃ মওদুদ

 

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি মানুষকে জানাজা পড়তে দেন না, কবর জিয়ারত করতে দেন না, ভোটতো দিতে দেনই না, আপনার ভোট কেন্দ্রে কুকুর বসে থাকে তবুও আপনার লজ্জা হয় না। দেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে চায়, কথা বলতে চায়, ভোট দিতে চায়। আপনি অবিলম্বে পদত্যাগ করুন, দেশের মানুষকে স্বাধীনভাবে চলার সুযোগ করে দিন।’

 

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘কোনো জনপ্রিয় রাজনৈতিক দল বা সরকার ক্ষমতা হারানোর ভয়ে এত ভীত হয় না। কিন্তু শেখ হাসিনার সরকার আজ ক্ষমতা হারানোর ভয়ে চরমভাবে আতংকিত। ভয়ভীতি ছড়িয়ে, হামলা মামলা করে, গুম খুনের মাধ্যমে তারা যে সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা তারা পারেনি। তারা দেখেছে জনগণকে তারা যত ভয় দেখাচ্ছে মানুষ ততই সাহসী হচ্ছে। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে কিন্তু; এটার মাধ্যমে আওয়ামী লীগ নিজেই নিজের পায়ে কুড়াল মেরেছে। নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা পরিবর্তনের যে সুযোগ তা তারা হারিয়েছে এখন তাদেরকে গণঅভ্যুত্থানের মাধ্যমেই ক্ষমতা ছাড়তে হবে। অতীতে গণঅভ্যুত্থানের মাধ্যমে যারা ক্ষমতা হারিয়েছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে।’

আরও পড়ুন  ওবায়দুল কাদের মিথ্যার ফেরিওয়ালা: রিজভী

 

‘আওয়ামী লীগ আইউব খান ও ইয়াহিয়ার পথ অনুসরণ করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘অবস্থাদৃষ্টে মনে হচ্ছে শাসক হিসেবে শেখ হাসিনা আইউব-ইয়াহিয়ার পাশে নিজের নাম লেখাতে চায়।’

 

সমাবেশে আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কেন্দ্রীয় অফিস সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (রানা), এবি যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন, গাজীপুর জেলা আহ্বায়ক এম আমজাদ খান প্রমূখ।

 

সর্বশেষ সংবাদ