গোয়েন্দা জালে শাহেদ, যেকোন মুহূর্তে গ্রেফতার

প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

গোয়েন্দা জালে শাহেদ, যেকোন মুহূর্তে গ্রেফতার

প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: ডা. সাবরিনা ইস্যুতে রিজেন্ট শাহেদ যাতে পালিয়ে না যায় সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে। সব কটি গোয়েন্দা সংস্থা রয়েছে তৎপর।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম যেকোনো সময় গ্রেফতার হতে পারেন। শাহেদের বিদেশে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক বলেছেন, শাহেদকে গ্রেফতারে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহেদ বড় অন্যায় করেছেন, তার অপকর্মের ব্যাপারে ইতোমধ্যে র‌্যাব-পুলিশ তদন্ত শুরু করেছে। তাকে খোঁজা হচ্ছে, তিনি যেখানেই থাকুক, তাকে আত্মসমর্পণ করতে হবে, নতুবা পুলিশ তাকে ধরে ফেলবে। শাহেদ যেকোনো সময় গ্রেফতার হতে পারে।

রোববার (১২ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভা শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শাহেদ যত বড় ক্ষমতাবানই হোন না কেন তাকে আইনের আওতায় আনা হবে। তার বিদেশ যাওয়ার কোনো সুযোগ নেই। শাহেদের সব অপরাধ তদন্ত করা হচ্ছে, দ্রুত এ বিষয়ে প্রতিবেদন দেয়া হবে। শাহেদ কি ধরনের অন্যায় করেছে সেগুলো পুলিশ এবং র‌্যাব তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন পেলে তার অন্যায়ের গভীরতাটা কতটুকু জানা যাবে।

আরও পড়ুন  ওসি প্রদীপ ও এসআই লিয়াকতের ফাঁসির আদেশ

শাহেদ দেশে আছে নাকি বাইরে চলে গেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বাইরে যাওয়ারতো কোনো উপায় নেই। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে, বর্ডার যাতে পার হতে না পারে সে ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। আশা করি, শিগগিরই তাকে ধরতে সক্ষম হব।

একই অনুষ্ঠানের পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, শাহেদকে গ্রেফতারে সবধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাকে নজরদারিতে রাখা হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ