ব্লু নবাগতকে ২৪ রানে হারিয়েছে ইয়াং ভিক্টর

প্রকাশিত: 10:10 PM, April 21, 2024

ব্লু নবাগতকে ২৪ রানে হারিয়েছে ইয়াং ভিক্টর

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ২৯তম ম্যাচে ব্লু নবাগত ক্লাবকে ২৪ রানে হারিয়েছে ইয়াং ভিক্টর ক্লাব।

 

টসে জিতে ইয়াং ভিক্টরকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় ব্লু নবাগত। ৩.১ অভারে দলীয় ৮ রানে রান আউট হন অপেনার মান্নান। ২য় উইকেটে ৩৬ রান যোগ করে শুরুতেই উইকেট হারানোর ধাক্কা সামাল দেন ফারিয়ান-সুহৃদ জুটি।

 

১০.৪ এবং ১০.৫ অভারে সুহৃদ আর মাহবুবকে সাজঘরে ফিরিয়ে দিয়ে ব্লু নবাগতকে দারুণ ব্রেক থ্রু এনে দেন স্বন্দীপ। ৪র্থ উইকেটে ২৮ রান তুলে ফারিয়ান এবং সাদ্দাম বিপর্যয় থেকে রক্ষা করেন ইয়াং ভিক্টরকে।

 

একপ্রান্তে ফারিয়ান দ্রুত রান করলেও অন্য প্রান্তে কোনো ব্যাটারই থিতু হতে পারেননি। কাশেমকে নিয়ে ৬ষ্ঠ উইকেটেও ১৮ রানের জুটি গড়ে দলকে লড়ার মত পূঁজি এনে দিতে মূখ্য ভূমিকা পালন করেছেন ফারিয়ান।

 

আরও পড়ুন  ৩০ লাখ টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করলেন সাকিব

২৪ অভারে সব উইকেট খুইয়ে শেষ পর্যন্ত ১১৮ রান সংগ্রহ করে ইয়াং ভিক্টর।

 

ফারিয়ান মাত্র ৩০ বল খেলে ৪১ রান করেন। তার ইনিংসে ছিলো ৩টি করে চার এবং ছক্কা। সাদ্দাম ২৬, সুহৃদ এবং সুমন ১০ রান করে সংগ্রহ করেছেন।

 

ব্লু নবাগত’র আরাফাত ৪৪ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন। স্বন্দীপ ৩টি, সাইম ১টি উইকেট লাভ করেন।

 

১১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২য় অভারেই অপেনার আব্দুল্লাহকে হারায় ব্লু নবাগত। সুমন আব্দুল্লাহকে লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরে ফেরত পাঠান। মারজান এবং ফারদিন ২য় উইকেটে ৬০ রান তুলে দলকে কক্ষপথে ফিরিয়েছিলেন।

 

মাহবুব মারজানকে সাজঘরে ফেরত পাঠিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ১৪.১ অভারে দলীয় ৬১ রানে ২য় উইকেট হারানো ব্লু নবাগত ইয়াং ভিক্টরের বোলারদের সম্মিলিত বোলিং নৈপূণ্যের সামনে খেই হারিয়ে ফেলে।

 

৩৩ রানেই শেষ ৮ উইকেট হারিয়ে যেন ‘অসহায় আত্মসমর্পণ’ করে ব্লু নবাগত’র ব্যাটাররা।

আরও পড়ুন  শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যার কঠিন প্রতিশোধ নেবে ইরান

 

৩০.১ অভারে সব উইকেট খুইয়ে সাকল্যে ৯৪ রান তোলে ব্লু নবাগত।

 

মারজান ৪২ বলে ৪৭ রান করেছেন। ৫টি চার এবং ৩টি ছক্কা ছিলো তার এই ইনিংসে। ফারদিন ১৮, স্নেহাশীষ ১২ রান করেন।

 

সুমন ৩২ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন। মাহবুব এবং তায়েফ ২টি করে উইকেট লাভ করেন। ব্লু নবাগত’র ৩ জন রান আউটের শিকার হন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইয়াং ভিক্টরের ফারিয়ান।

 

সর্বশেষ সংবাদ