সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩
প্রতিনিধি, হবিগঞ্জ:
হবিগঞ্জে আসন্ন দুর্গাপূজা ও কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অতিথিদের আপ্যায়ন বাবদ তিনটি কোম্পানির কাছে ১০ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে শায়েস্তাগঞ্জ থানার ওসি নাজমুল হক কামালের বিরুদ্ধে।
মঙ্গলবার কনস্টেবলদের মাধ্যমে চিঠি পাঠিয়ে ওলিপুর স্কয়ার ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, একই এলাকার তাফরিদ কটন মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের জিএমের (প্রশাসন) কাছে এ টাকা চান তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ওসি বলেছেন, ‘থানা থেকে কাউকে এ ধরনের চিঠি দেওয়া হয়নি। বিষয়টি নজরে আসার পর দেখেছি আমন্ত্রণপত্রে আমার নামের স্বাক্ষর সুপার এডিটিং করা।’
এদিকে বিষয়টি জানাজানি হলে উপজেলায় তোলপাড় শুরু হয়। এ ঘটনায় শনিবার পুলিশ সুপার এস এম মুরাদ আলী তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামসুল হকের নেতৃত্বে কমিটিতে সদস্য হিসেবে আছেন সদর সার্কেলের এএসপি খলিলুর রহমান ও এসপি কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক রফিকুল ইসলাম।
জানতে চাইলে পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, ‘চাঁদা দাবি নিয়ে থানা থেকে চিঠি পাঠানোর বিষয়ে অভিযোগ আসায় তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, কনস্টেবলের মাধ্যমে আমন্ত্রণপত্র পাঠিয়ে আপ্যায়ন বাবদ প্রতি কোম্পানির কাছে ৩ লাখ ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। অনেকের হোয়াটসঅ্যাপেও একই চিঠি পাঠানো হয়েছে। প্রায়ই বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে থানা থেকে এভাবে টাকা চাওয়া হয়। টাকার অঙ্ক নিয়ে দেনদরবারের সুযোগ থাকে।
জানতে চাইলে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের এজিএম (প্রশাসন) এহসানুল হাবিব বলেন, ‘শায়েস্তাগঞ্জ থানার ওসি আমার হোয়াটসঅ্যাপে একটি আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। তবে এখনও অর্থ সহায়তার বিষয়ে তাঁর সঙ্গে কোনো আলাপ হয়নি। আমরা সহযোগিতা করি। কিন্তু সবসময় থানা-পুলিশের চাহিদা পূরণ করা সম্ভব হয় না।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি