আজ মহান মে দিবস

প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, মে ১, ২০১৭

রেজাউল হক ডালিম:

 আজ সোমবার, পহেলা মে। মহান মে দিবস। বঞ্চনা, নির্যাতন ও বৈষম্যের বিরুদ্ধে শ্রমিকদের সংগ্রাম আর অধিকার আদায়ের রক্তাক্ত গৌরবময় দিন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে যথাযোগ্য মর্যাদার সঙ্গে।

১৩০ বছর আগে ১৮৮৬ সালে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রে শিকাগো শহরের হে মার্কেট চত্বরে লাগাতার আন্দোলন শুরু করেন শ্রমিকরা। পহেলা মে আন্দোলনকারীদের ওপর গুলি চালায় পুলিশ। এতে অর্ধশত শ্রমিক হতাহত হন। এ হত্যার প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। দেশে দেশে গড়ে ওঠে মেহনতি জনতার ঐক্য। দাবি আদায় করতে সক্ষম হন শ্রমিকরা। ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা দিনটিকে ‘মে দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মহান মে দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রাষ্ট্রপতি শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান রেখেছেন।

আরও পড়ুন  বিশ্ব ধরিত্রী দিবস আজ

বিশ্বের অন্য সব দেশের মতো বাংলাদেশেও মে দিবস উপলক্ষে আজ সাধারণ ছুটি। সব শিল্পকারখানা বন্ধ থাকবে। বন্ধ থাকবে সংবাদপত্রও। দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র ও বেতার-টেলিভিশনে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে।

এ ছাড়া মে দিবস উপলক্ষে সিলেট সহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানা কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে থাকবে সভা-সমাবেশ, মিছিল-র‌্যালি ইত্যাদি।

সর্বশেষ সংবাদ