সিলেট | |
প্রকাশিত: 6:48 PM, January 21, 2020
প্রভাতবেলা ডেস্ক:
গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম থেকে পিছপা হব না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। তিনি বলেন, আমাকে কেউ আটকাতে পারবে না। ঢাকাবাসীর জন্য প্রয়োজন হলে আমি জীবন দেব। যদি রক্ত ঝরাতে হয় ঝরাব, মরতে হলে মরব।
বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার স্মৃতিচারণ করে ইশরাক বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় আমার পিতা যাত্রাবাড়ী এলাকায় গুলি খেয়েছিলেন। গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে তিনি জীবনভর সংগ্রাম করেছেন। এই সংগ্রাম করতে গিয়ে বার বার তিনি নিজের শরীর থেকে রক্ত ঝরিয়ে ছিলেন। আর আমি হলাম সেই বাবার সন্তান। আমাকে কেউ আটকাতে পারবে না। আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই না।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর ডেমরা এলাকায় নির্বাচনি গণসংযোগকালে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, রাষ্ট্রীয় কোনো শক্তি আমার নেই, জনগণই হচ্ছে আমার শক্তি।
বাবার অবদানের কথা স্মরণ করে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক বলেন, মাত্র ১৯ বছর বয়সে আমার বাবা জীবনবাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনাদের এই এলাকায় (ডেমরা) ক্যাম্প করে বাবা দেশের যুদ্ধ করেছিলেন। তিনি তৎকালীন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে অপারেশন চালিয়েছিলেন।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই জোয়ারে সব অপচেষ্টা ভেসে যাবে। আমরা নির্বাচনে জয়ী হব।
এ সময় উপস্থিত ছিলেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি