আরিফ গুরুতর অসুস্থ:ওসমানী হাসপাতালে স্থানান্তর

প্রকাশিত: 8:33 PM, September 26, 2016

প্রভাতবেলা প্রতিবেদক: সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বরখাস্তকৃত) মেয়র আরিফুল হক চৌধুরী গুরুতর অসুস্থ।

আজ (সোমবার) দুপুর ২টায় তাকে কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

রোববার রাতে হঠাৎ অসুস্থতা বোধ করেন মেয়র আরিফ। এসময় জরুরী ভিত্তিতে বিশেষজ্ঞ ডাক্তার শিশির বসাককে কারা হাসপাতালে নেয়া হয়। কিন্তু আজ (সোমবার) তার অবস্থার অবনতি হতে থাকলে দুপুরে তাকে কারাগার থেকে ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় দায়েরকৃত দু’টি মামলায় তিনি কারাগারে বন্দী রয়েছেন। এরমধ্যে হত্যা মামলায় তাকে স্থায়ী জামিন দিয়েছেন উচ্চ আদালত। কিন্তু বিস্ফোরক মামলায় এখনো জামিন পাননি তিনি।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া। হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন। সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে কিবরিয়া হত্যা মামলার বিচার কার্যক্রম চলছে। মামলার ৩২ আসামির মধ্যে ৮ জন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন। পরবর্তীকালে সম্পূরক চার্জশিটে আরিফুল হককে আসামি করা হয়। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হবিগঞ্জ আদালতে আত্মসমর্পন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এরমধ্যে মায়ের অসুস্থতায় মানবিক কারনে চলতি বছরের ২২ মার্চ ১৫ দিনের জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষে ১০ এপ্রিল আদালতে হাজির হলে পুনরায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ