ওসমানী হাসপাতালের ১৬ ইন্টার্ন করোনায় আক্রান্ত

প্রকাশিত: 1:30 PM, May 5, 2020

ওসমানী হাসপাতালের ১৬ ইন্টার্ন করোনায় আক্রান্ত

 

প্রভাতবেলা প্রতিবেদক:

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ১৬জন ইন্টার্ন চিকিৎসকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সকলেই মেডিকেল কলেজের ৫৩তম ব্যাচের শিক্ষানবিস (ইন্টার্ন) চিকিৎসক।

 

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একাধিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে তাদের শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 

এ ব্যাপারে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মইনুল হক ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল ধরের সাথে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (৫ মে) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমানী মেডিকেলের ১৬ জন ইন্টার্ন চিকিৎসকের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া গেছে। ঢাকার ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল বেশ গভীর রাতেই তাদের আক্রান্তের বিষয়টি আমাদের জানানো হয়।

 

এর আগে গত ২৩ এপ্রিল এই হাসপাতালের এক শিক্ষানবিস চিকিৎসক করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। তিনিও হাসপাতালের ইন্টার্ন হোস্টেলেই রয়েছেন। ওই চিকিৎসক শনাক্ত হওয়ার পর ওসমানীর ৭৮জন শিক্ষানবিস চিকিৎসককে কোয়ারেন্টিনে রাখা হয়। এই কোয়ারেন্টিনে থাকা ৭৮ জনের মধ্য থেকেই সোমবার ১৬ জনের করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন  পর্যটনের অপার সম্ভাবনা জুড়ী’র সীতাকুন্ড ঝরনা

 

আর গত ৫ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনিই করোনা শনাক্ত হওয়া সিলেটের প্রথম রোগী। গত ১৫ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ