সিলেট | |
প্রকাশিত: 3:48 PM, July 24, 2026
সিলেটবাসী আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে- সিলেটে ১১ দলীয় ঐক্যের প্রেস ব্রিফিংয়ে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রভাতবেলা ডেস্ক♦ জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন এবং ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে রাজশাহী থেকে ১১ দলীয় ঐক্য বিভাগীয় সমাবেশ শুরু হয়েছিল। ধারাবাহিকভাবে দেশের সব বিভাগে কর্মসূচি পালনের পর শনিবার সিলেটের সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচির সমাপ্তি হবে।
সিলেট আলিয়া মাঠের বিভাগীয় সমাবেশে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সমাবেশ থেকে নতুন কর্মসুচী ঘোষণা করবেন। বর্ষা মওসুমে বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের সকল সমাবেশে ব্যাপক লোক সমাগম হয়েছে। সিলেটবাসীও বৈরী আবহাওয়া উপেক্ষা করে সমাবেশ সফলে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সমাবেশ সফলে গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, ১১ দলীয় ঐক্য জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্খা পূরণে জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতা গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে উপেক্ষা ও অবজ্ঞা করেছে। অথচ বিএনপিসহ ৩৩টি রাজনৈতিক দল জুলাই সনদে এ বিষয়ে লিখিত অঙ্গীকার করেছিল। কিন্তু বিএনপি সেই অঙ্গীকার ভঙ্গ করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।
তিনি শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টায় সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্মিত সমাবেশ মঞ্চে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে উপরোক্ত কথা বলেন। এসময় ১১ দলীয় ঐক্যের সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া ব্রিফিংয়ে সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, শনিবারের সমাবেশ সিলেট ও জাতীয় রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সমাবেশ। উক্ত সমাবেশে সিলেটবাসীর দীর্ঘদিনের বঞ্চনা, উন্নয়ন বৈষম্য এবং বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরা হবে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার এবং জনগণের প্রত্যাশা নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।
মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট জেলা আহ্বায়ক জুনেদ আহমদ, সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর সভাপতি আলহাজ¦ মাওলানা এমরান আলম ও জেলা সভাপতি মাওলানা ইকবাল হুছাইন, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ ও জেলা সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, এলডিপি সিলেট জেলা সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সিলেট মহানগর সভাপতি ওমর ফারুক, নেজামে ইসলামী পার্টির জেলা সভাপতি মাওলানা মুজাম্মিল হক তালুকদার, বাংলাদেশ ডেভলাপমেন্ট পার্টি-বিডিপি সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী ও জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন প্রমূখ।
প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ জানান, শনিবার (২৫ জুলাই) বেলা ২টায় সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে সভাপতিত্ব করবেন সাবেক মন্ত্রী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম এমপি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর আল্লামা আব্দুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার কেন্দ্রীয় সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমজাদুল ইসলাম চান। এছাড়া সমাবেশে ১১ দলীয় ঐক্যের সিলেট বিভাগীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি