বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মে ১, ২০২৪

বাকিতে সিগারেট না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা
প্রভাতবেলা ডেস্ক: মুন্সীগঞ্জের মিরকাদিমে গভীর রাতে একটি মুদি দোকানে যান মোহাম্মদ রুবেল নামে এক যুবক। ঘুম থেকে ডেকে তোলেন দোকানদারকে। আবদার জানান বাকিতে সিগারেট ও চিপস দেওয়ার। না পেয়ে ক্ষেপে যান তিনি। দোকানিকে টেনেহিঁচড়ে বের করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সোমবার রাত দেড়টার দিকে পৌরসভার কাগজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মোশারফ হোসেন (৫৫) মিরকাদিম পৌরসভার কাগজীপাড়া এলাকার মৃত নবু মোল্লার ছেলে। অভিযুক্ত রুবেল ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ সোহেলের ছোট ভাই ও আওয়ামী লীগ কর্মী। খবর পেয়ে রাতেই রুবেলকে রক্তমাখা ছুরিসহ আটক করে পুলিশ।

সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়। আইনি প্রক্রিয়া শেষে গতকাল মঙ্গলবার মরদেহটি স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। রাতে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশটি দাফন করা হয়।

আরও পড়ুন  মানুষের আস্থা অর্জনে সচেষ্ট হন- প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. কালাম প্রধান বলেন, হাসপাতালে আনার আগেই মোশারফের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্ত রুবেলের ভাই সোহেল বলেন, ‘দোকানির সঙ্গে রুবেলের কোনো শত্রুতা ছিল না। তাঁকে হত্যার কোনো উদ্দেশ্যও তাঁর ছিল না। আসলে এটি একটি দুর্ঘটনা। আকস্মিকভাবে ঘটে গেছে। আমরা আইনি প্রক্রিয়ায় তাঁকে মুক্ত করার চেষ্টা করব।’

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থান্ডার খায়রুল হাসান জানান, মুদি দোকানি মোশারফ হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। সেই মামলায় রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ