সিলেট | |
প্রকাশিত: 1:57 PM, February 12, 2020
মাঠে ময়দানে প্রতিবেদক:
চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ট্রফি নিজেদের করে নিয়েছে টাইগার যুবারা। তাদের এ অর্জনে গর্বিত হয়েছে পুরো বাংলাদেশ। আকবর বাহিনীদের এ সাফল্যে রঙিনভাবে সেজেছে বিসিবিও।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে দেশে ফিরছে বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ১২ ঘণ্টায় প্রায় ৯ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিকাল ৪টা ৫৫ মিনিটে বিশ্বকাপ জয়ী দলকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
এরপর বিমানবন্দরে যুবাদের ফুলের শুভেচ্ছা জানানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে। বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে টাইগার জুনিয়রদের।
এ দিকে যুবাদের জন্য মিরপুর প্রস্তুত। তাদের ছবি, ব্যানার আর ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।
এবারের যুব বিশ্বকাপে হট ফেভারিট হিসেবে দক্ষিণ আফ্রিকায় খেলতে যায় বাংলাদেশের যুবারা। আসর শুরুও করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়। ওঠে শেষ আটে। প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। তবে পাত্তাই দেয়নি বাংলার যুবারা। তাদের হারিয়ে ওঠে শেষ চারে।
সেমি-ফাইনালে নিউজিল্যান্ডকে পায় টাইগার যুবারা। তবে পচেফস্ট্রুমের মাঠ নিজেদের চেনা হয়ে গিয়েছিল বাংলাদেশের। সহজ জয় নিয়ে শিরোপার চেয়ে আর এক জয় দূরে জায়গা করে নেয় টাইগার যুবারা।
আবার বাধা হয়ে দাঁড়ায় ভারত। তবে দানে দান তিন দান বেছে নিয়েছিল বাংলাদেশের যুব ক্রিকেটাররা। রবিবার (৯ ফেব্রুয়ারি) নিয়ন্ত্রিত বোলিং ও অসাধারণ ফিল্ডিংয়ে দুর্দান্ত ভারতকে মাটিতে নামিয়ে আনল যুব ক্রিকেটাররা। ১৭৭ রানে গুটিয়ে দিল ভারতীয় যুবাদের।
জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে টাইগার ক্রিকেটাররা। তবে মাঝপথে খেই হারিয়ে ফেলল ব্যাটসম্যানরা। কিন্তু মাঠে ছিল দলনেতা আকবর আলী। সব দায়িত্ব যেন নিজের ঘাড়ে নিলেন। দলীয় ৬২ রানে দলকে বাঁচাতে মাঠে আসেন এ ক্রিকেটার। ঠান্ডা মাথায় খেলে দল জিতিয়ে শিরোপা নিশ্চিত করে তবেই থামলেন।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি