সিলেট | |
প্রকাশিত: 4:45 PM, January 31, 2021
মাঠে ময়দানে ডেস্ক:
দলের অনুশীলন না থাকলেও রবিবার ব্যাট হাতে নেটে দেখা গেল সাকিব আল হাসানকে। তার সঙ্গে ছিলেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো, ব্যাটিং কোচ জন লুইস ও ফিজিও জুলিয়া কালেফাতো।
কুঁচকির চোটের পর শনিবার প্রথম অনুশীলন করেন সাকিব। নেট ও সেন্টার উইকেট মিলিয়ে সেদিন প্রায় ৫০ মিনিট ব্যাটিং করলেও বোলিং করেননি। রবিবার থেকে বোলিং অনুশীলনও শুরু হলো তার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকালে ১০টার পরপর নেটে ব্যাটিংয়ে নামেন সাকিব। সাকিবের সঙ্গে তাসকিন আহমেদও ছিলেন মাঠে। তবে এই পেসারকে মূলত ফিটনেস ট্রেনিং করতেই দেখা গেছে।
সাকিব খেলেছেন নেট বোলারদের। সঙ্গে খেলেছেন থ্রো ডাউন। ব্যাটিং কোচ লুইস কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন তাকে।
এরপর ৫ ওভারের মতো বোলিং করেন সাকিব। সেখানে ব্যাটসম্যান ছিলেন কোচ ডমিঙ্গো! পুরো সময়টায় তার দিকে সতর্ক চোখ ছিল দলের ফিজিওর।
আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে প্রথম টেস্ট শুরু হবে। ঢাকায় দ্বিতীয় ম্যাচ ১১ ফেব্রুয়ারি থেকে। সব ঠিক থাকলে প্রথম ম্যাচেই দেখা যাবে তাকে।
এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে কুঁচকিতে টান লেগেছিল সাকিবের। সেটি ক্যারিবিয়ান ইনিংসের ৩০তম ওভারের ঘটনা। নিজের চতুর্থ বল করার পর পঞ্চম বলটি করার প্রস্তুতি নিচ্ছিলেন সাকিব। রানআপের সময় কুঁচকিতে টান অনুভব করেন। সঙ্গে সঙ্গেই পা চেপে ধরে মুখ বিকৃত করে ফেলেন। তবে এরপরও বলটি করেছিলেন। কিন্তু পরে আর পেরে ওঠেননি।
ফিজিও মাঠে আসার পর প্রাথমিক চিকিৎসা নিলেও মাঠে থাকা সম্ভব হয়নি।
পরে তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়। তবে ব্যথা না কমায় আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এর মধ্যে স্ক্যানও করা হয়। সেখানে ফলাফল ভালো এসেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি