ফিলিস্তিনি প্রেসিডেন্ট অাব্বাস আসছেন বুধবার

প্রকাশিত: 2:27 AM, January 31, 2017

প্রভাতবেলা প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বুধবার বাংলাদেশে আসছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। সফরে মাহমুদ আব্বাস রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।এসব বৈঠকে মাহমুদ আব্বাস দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক অভিন্ন স্বার্থ সংশ্লি­ষ্ট বিষয়ে বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন। এছাড়াও, দুদেশের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠন সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা সফরের শুরুতেই ফিলিস্তিনের প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন তিনি।এছাড়া মাহমুদ আব্বাস তার সম্মানে রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত একটি নৈশভোজেও অংশগ্রহণ করবেন।তিন দিনের সরকারি সফর শেষে আগামী ৩ ফেব্রুয়ারি বিকালে ফিলিস্তিনের প্রেসিডেন্টেরঢাকা ত্যাগ করার কথা রয়েছে। মাহমুদ আব্বাসের সফরসঙ্গী হিসেবে থাকতে পারেন ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ড. রিয়াদ আল মালকী, প্রধান বিচারপতি মাহমুদ আলহাব্বাশ, রাষ্ট্রপতির মুখপাত্র নাবিল আবুরুদাইনাহ, কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মাজদি খালদিসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ।

সর্বশেষ সংবাদ