মধ্যরাতে ভোট গণনা কক্ষে মদ্যপ শাকিব, তাড়া খেয়ে এফডিসি ত্যাগ

প্রকাশিত: 10:35 AM, May 6, 2017

মধ্যরাতে ভোট গণনা কক্ষে মদ্যপ শাকিব, তাড়া খেয়ে এফডিসি ত্যাগ

আনন্দঝর্ণা ডেস্ক: এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে চলছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোট গণনার কাজ। রাত দেড়টায় মদ্যপ অবস্থায় সেখানে যান নায়ক শাকিব খান। এ সময় তিনি জোর করে চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ে ঢুকেন। এর প্রতিবাদ জানান সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খানসহ আরো অনেকে। সবার অভিযোগ, এ সময় শাকিব খান মদ্যপ ছিলেন। কিছুক্ষণ পর ধাওয়া খেয়ে এফডিসি ত্যাগ করতে বাধ্য হন শিল্পী সমিতির এই সাবেক সভাপতি। তিনি কারো অনুরোধ শোনেননি। এরপর চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে অবস্থান করা নির্বাচনে অংশগ্রহনকারী বিভিন্ন পদপ্রার্থী ও সাধারণ ভোটাররা বিক্ষোভ শুরু করে। ভাঙচুরও হয়েছে। এ সময় বাঁশের আঘাতে আহত হন চিত্রনায়ক সাইমন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, ‘শাকিব খান হঠাৎ​ ভেতরে ঢুকে পড়েন। সে ভোট গণনার ব্যাপারে জানতে চায়। এ সময় সে মদ্যপ ছিল। আমরা তাকে বু​ঝিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য বলেছি। তিনি বের হতে চাননি। মিনিট দশেক সে ভেতরে অবস্থান করেছে। ওই সময় চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের বাইরে বেশ হট্টগোল শুরু হয়। আমরা পুলিশকে ডাকতে বাধ্য হই। পরে পুলিশ এসে শাকিব খানকে পাহাড়া দিয়ে এফডিসির গেটের বাইরে দিয়ে আসে।’ পুলিশ পাহাড়ায় বেরিয়ে যাওয়ার সময় বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা শাকিব খানের সঙ্গে কথা বলার চেষ্টা করে। কিন্তু এ সময় শাকিব খান কিছুই বলেননি। তিনি দ্রুত ওই এলাকা ত্যাগ করেন। তখন শাকিবকে নিয়ে বিক্ষোভকারীরা নানা মন্তব্য করেন। শুক্রবার এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্যানেল তিনটি হলো ওমর সানি-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান এবং ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা। জানা গেছে, শুক্রবার দুপুরে এফডিসিতে এসে ভোট দেন সংগঠনটির সর্বশেষ সভাপতি শাকিব খান।

সর্বশেষ সংবাদ