সিলেট | |
প্রকাশিত: 9:18 PM, February 24, 2018
প্রভাতবেলা প্রতিবেদক: পেশাগত পরিচয় দেয়ায় ক্ষুব্ধ হয়ে কিরণ শেখ নামে এক সাংবাদিককে বেধড়ক পিটিয়েছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে এ ঘটনা ঘটে। নির্যাতিত কিরণ শেখ নিউজ পোর্টাল বাংলাদেশ জার্নাল’র নিজস্ব প্রতিবেদক। আর অভিযুক্ত কুবায়েত পল্টন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।
কিরণ শেখ জানান, বিএনপির কালো পতাকা প্রদর্শন কর্মসূচির সংবাদ সংগ্রহে সকালে নয়াপল্টনে আসি। কার্যালয়ের সামনে আসামাত্রই দলীয় কর্মী মনে করে কয়েকজন পুলিশ সদস্য আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে, পরিচয় জানতে চান।
তিনি বলেন, ‘আমি পেশাগত পরিচয়পত্র দেখাতেই এএসআই কুবায়েত অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকেন। প্রতিবাদ করলে কিল-ঘুষি ও লাথি মেরে মাটিতে ফেলে দেন। পরে শার্টের কলার ধরে টেনে তুলে আবারও পেটান।’
কিরণ শেখ আরও বলেন, ‘আমার সঙ্গে এমন আচরণ কেন করা হচ্ছে, জানতে চাইলে নির্যাতন আরও বেড়ে যায়। গাল ধরে থাপ্পড় মেরে বলা হয়- একদম চুপ কর, কোনো কথা বলবি তো শেষ করে দেব।’
ঘটনার খবর পেয়ে নয়াপল্টন কার্যালয়ের সামনে কর্তব্যরত অন্যান্য গণমাধ্যমকর্মীরা গেলে কিরণ শেখকে ছেড়ে দেয়া হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে দৃষ্টিআকর্ষণ করা হলে তারা দুঃখ প্রকাশ করেন।
অভিযুক্ত এএসআই কুবায়েতের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মতিঝিল জোনের এসি আরিফুল ইসলাম বলেন, ‘কোনো কর্মসূচি ঘিরে পুলিশ মুভমেন্টে গেলে কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে, সেটাই স্বাভাবিক। তবে আমরা সব সময় এগুলো এড়ানোর চেষ্টা করি। এরপরও হয়তো আজকের অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে গেছে।’
সাংবাদিক পরিচয় দেয়ার পরও নির্যাতনের বিষয়ে তিনি বলেন, ‘পেশাগত পরিচয় দেয়ার পরও যা ঘটেছে, তা অপ্রত্যাশিত। আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের এডিসি স্যারও সরি বলেছেন। এরপর তো আর কিছু বলার থাকে না।’
এদিকে, বেলা সোয়া ২টার দিকে দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার কামরুল হাসানকেও পুলিশ লাঞ্ছিত করে। সাংবাদিক পরিচয় দেয়ার পরও তাকে নয়াপল্টনের হোটেল ভিক্টোয়ার গলি থেকে আটক করে প্রায় আধাঘণ্টা আটকে রাখা হয়। তার মোবাইলে ফোন চেক করা হয়। পরে সমকাল অফিসে যোগাযোগ করে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি