সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ খালাস ৯ : একজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: 2:23 AM, June 26, 2026

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ খালাস ৯ : একজনের মৃত্যুদণ্ড

প্রভাতবেলা প্রতিবেদক: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা বাবু সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলার রায়ে একজনকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। এছাড়া মামলার রায়ে প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও হুইপ জি.কে গৌছসহ ৯ আসামীকে খালাস দিয়েছেন আদালাত। বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় প্রদান করেন। এর সত্যতা নিশ্চিত করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবুল হোসেন বলেন, মামলার রায়ে আজিজ নাঈম নামে একজনকে মৃত্যুদন্ড ও বাকিদের খালাস প্রদান করা হয়েছে। রায়ের পর আদালত পাড়ায় বিএনপির দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষকেও আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একমাত্র আসামী আজিজ নাঈমের বাড়ি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরে। তিনি সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা ছাড়াও বিভিন্ন বোমা হামলা ও জঙ্গি হামলা মামলার আসামি। এসব মামলায় প্রায় ২০ বছর জেল খাটেন আজিজ। তিনি তৎকালিন সময়ে সুরঞ্জিত সেন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৪৪ ধারায় জবানবন্দিও দিয়েছিলেন।

আরও পড়ুন  চট্টগ্রাম নগরীর বায়েজিদে গ্রামীণফোন সেন্টার উদ্বোধন

রায় ঘোষণার পর আদালত চত্বর থেকে কারাগারে নেওয়ার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আজিজ নাঈম ক্ষোভ প্রকাশ করে বলেন, দাঁড়ি-টুপির কারণে আমাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার কোন স্বাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। আমাকে ৭৭ দিন আয়নাঘরে রেখে অমানুষিক নির্যাতন করে দায় স্বীকার করতে বাধ্য করা হয়েছিল। এর সাথে আমার কোন সম্পর্ক নেই বলে চিৎকার করতে করতে প্রিজন ভ্যানে উঠেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, আজিজ নাঈম সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপর সিলেটে বোমা হামলা গ্রেপ্তার হয়েছিলেন। যদিও পরে এই মামলায় খালাস পান। এছাড়া সিপিবির সমাবেশে বোমা হামলা মামলা, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের উপর বোমা হামলা মামলা, সাবেক অর্থমন্ত্রী শাহ এমএস কিবরিয়া হত্যা মামলারও আসামি আজিজ নাঈম। সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় জেল খাটার পর সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

আরও পড়ুন  যুবনেতা মকসুদকে গ্রেফতার কাপুরুষোচিত ও ন্যক্কারজনক

এদিকে রায় প্রত্যাখ্যান করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আজিজ নাঈমকে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার ভাই। বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গনে রায়ে অসন্তোষ প্রকাশ করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সৈয়দ আজিজ নাঈমের ভাই সৈয়দ মারুফ আহমদ বলেন, আমার ভাইকে ফাঁসানো হয়েছে। সে এ ঘটনার সাথে জড়িত নয়। আমরা রায়ের বিরুদ্ধে আপিল করবো।

সর্বশেষ সংবাদ