শোভাযাত্রায় উৎসবের নগরী ঢাকা

প্রকাশিত: 5:32 PM, March 22, 2018

শোভাযাত্রায় উৎসবের নগরী ঢাকা

প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা:

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদযাপন হচ্ছে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের স্বীকৃতির গৌরবান্বিত অর্জন। এখানে রয়েছে আনন্দ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সরকারি-বেসরকারি, সব শ্রেণী-পেশার মানুষ শোভাযাত্রা সহকারে আসছেন স্টেডিয়ামে।

 

২২ মার্চ বৃহস্পতিবার  বিকেলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হচ্ছে আনন্দ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে যোগ দিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান-সংস্থার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শোভাযাত্রা নিয়ে প্রবেশ করছেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে।

ঢাকঢোলসহ নানা বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে জিপিও মোড় হয়ে স্টেডিয়ামে প্রবেশ করতে দেখা গেছে সর্বস্তরের জনতাকে। শিক্ষা ভবন, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন, পল্টন মোড়, দৈনিক বাংলা মোড় হয়ে শোভাযাত্রা আসতে দেখা যায় স্টেডিয়াম অভিমুখে।

 

জাতীয় এ আয়োজনে অংশ নিতে এরইমধ্যে সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবসহ নানা স্তরের কর্মকর্তা, সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পুলিশ-প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুন  সিলেটে সক্রিয় সাইবার প্রতারক চক্র, গ্রেপ্তার ২

 

সম্প্রতি এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জনে বাংলাদেশকে স্বীকৃতি দেয় জাতিসংঘ। তারপর থেকে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকার। দেশের এই অনন্য অর্জন উদযাপনেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আনন্দ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।

সর্বশেষ সংবাদ