সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত মহামারি আকার ধারণ করেছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এই ভাইরাসে রবিবার (৮ মার্চ) সকাল পর্যন্ত নতুন করে ২২১ জনের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ৩ হাজার ৫৯৯ জনে পৌঁছেছে। তাছাড়া বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫ হাজার ছাড়িয়েছে। যাদের মধ্যে ইতালি ও ইরানের নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, অন্যান্য দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী এই ভাইরাস। ক্যালিফোর্নিয়া উপকূলে গ্র্যান্ড প্রিন্সেস নামের একটি প্রমোদতরীতে এখন পর্যন্ত ২১ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। মহামারি ভাইরাসটিতে আক্রান্ত হয়ে দেশটিতে মারা গেছেন ১৫ জন।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র বলছে, দেশজুড়ে এখন পর্যন্ত ১৬৪ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। তবে কোনো কোনো প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩০০ কিংবা তারও অধিক। এসব কারণে দেশটির নিউ ইয়র্ক সিটিসহ অন্তত আট রাজ্যে এরই মধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের দেশ ইরানে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৩৪ জন। দেশটিতে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর স্বল্প সময়ের মধ্যে এটিই সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা। শুক্রবার (৬ মার্চ) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, এখন পর্যন্ত সেখানে ১২৪ জন মারা গেছেন।
এ দিকে ইতালির কর্মকর্তারা বলছেন, দেশটিতে এখন পর্যন্ত ২৩৩ জনের মৃত্যু হয়েছে। ইতালিতে সবমিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬০০ মানুষ। চীনের পর এখন পর্যন্ত এই দেশেই সবচেয়ে ভয়াবহ হয়ে উঠেছে প্রাণঘাতী করোনা ভাইরাস।
চিকিৎসকরা জানিয়েছেন, এ ভাইরাস মানুষ ও প্রাণীদের ফুসফুসে সংক্রমণ করতে পারে। ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুর মতো হাঁচি-কাশির মাধ্যমে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এ ভাইরাসে সংক্রমিত হওয়ার প্রধান লক্ষণগুলো হলো- শ্বাসকষ্ট, জ্বর, কাশি, নিউমোনিয়া ইত্যাদি। শরীরের এক বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ নিষ্ক্রিয় হয়ে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে।
সবচেয়ে আতঙ্কের বিষয় হলো ভাইরাসটি নতুন হওয়ায় এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। ভাইরাসটির সংক্রমণ থেকে বাঁচার একমাত্র উপায় সংক্রমিত ব্যক্তিদের থেকে দূরে থাকা। তাই মানুষের শরীরে এমন উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চীনা বিজ্ঞানীরা।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি