সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মার্চ ৯, ২০২০
প্রভাতবেলা ডেস্ক:
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর আড়াই মাস পর রবিবার (৮ মার্চ) বাংলাদেশে আক্রান্ত তিন রোগী শনাক্ত হয়েছে। বিষয়টি জানার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনায় যা আছে সেভাবেই ঘোষণা করো। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান পরেও করা যাবে। আমি তোমাদের সঙ্গে আছি।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের সম্পর্কে জানাতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকারের সময় কর্মকর্তাদের কেউ কয়েকটা দিন করোনা ভাইরাস আক্রান্ত তথ্য গোপন করে আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানের পর ঘোষণা দেওয়ার প্রস্তাব করলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা সরাসরি নাকচ করে দেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারী কর্মকর্তাদের একজন গণমাধ্যমকে বলেন, আগামী ১৭ মার্চের অনুষ্ঠানের চেয়ে দেশের মানুষ প্রধানমন্ত্রীর কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) কর্মকর্তারা শনিবার (৭ মার্চ) রাতেই ল্যাবরেটরি পরীক্ষার ফলাফলে ইতালি ফেরত প্রবাসী দুজনসহ মোট ৩ জনের করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হন বলে ওই কর্মকর্তা জানান।
করোনা আক্রান্ত রোগীর খবর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব (সেবা বিভাগ) আসাদুল ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদকে জানান আইইডিসিআর পরিচালক ডা. মীর জাদি সাবরিনা ফ্লোরা।
রবিবার সকালে সাক্ষাতের সময় নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এ সময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য মহাপরিচালক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক জাতীয় অধ্যাপক এবিএম আব্দুল্লাহ। প্রধানমন্ত্রী তাদের জানান, করোনা ভাইরাস নিয়ে বিশ্ব পরিস্থিতি সম্পর্কে তিনি ওয়াকিবহাল রয়েছেন। আইইডিসিআরে নিয়মিত সংবাদ সম্মেলন হয় সে সম্পর্কেও তিনি জানেন।
দেশে ৩ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে, বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর পর বিকালে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দুজন ইতালি প্রবাসীসহ তিনজন করোনা ভাইরাসের রোগী সনাক্তের তথ্য সংবাদ মাধ্যমকে অবহিত করেন আইইডিসিআর পরিচালক।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি