সিলেটে ও হবে করোনা পরীক্ষা

প্রকাশিত: 3:00 PM, March 30, 2020

সিলেটে ও হবে করোনা পরীক্ষা

 

প্রভাতবেলা প্রতিবেদক:

দেশে করোনা রোগী শনাক্তের পর থেকে প্রবাসী অধ্যূষিত সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে ধারণা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এর পর থেকেই সিলেটে রোগ শনাক্তের পরীক্ষাগার (ল্যাব) স্থাপনের দাবি উঠে। সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মহল থেকে ল্যাব স্থাপনের জোরালো দাবি তোলা হয়। তবে আশার কথা হলো এরই মধ্যে সিলেটে ল্যাব স্থাপনের প্রক্রিয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর।

 

জানা গেছে, সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ভাইরাস পরীক্ষার জন্য একটি বিশেষায়িত ল্যাব স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

 

আজ সোমবার (৩০ মার্চ) ল্যাবের প্রয়োজনীয় মেশিন ও যন্ত্রপাতি নিয়ে প্রশিক্ষিত লোকজন সিলেটে এসেছেন। আগামী সপ্তাহ থেকে সিলেটেই করোনা পরীক্ষা করা সম্ভব হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

এ তথ্য জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি আরও বলেন, আশা করছি সপ্তাহখানেকের মধ্যে আমরা এ ল্যাবের কার্যক্রম শুরু করতে পারবো।

আরও পড়ুন  যেভাবে জানা যাবে এইচএসসির ফল

 

এতদিন সিলেটে ল্যাব না থাকায় করোনা সন্দেহভাজন রোগীদের রক্ত, ঘাম ও মুখের লালার নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হতো। পরীক্ষা শেষে ই-মেইলে সে রিপোর্ট জানিয়ে দেয়া হতো।

 

উল্লেখ্য, দেশে একমাত্র জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনাভাইরাস পরীক্ষা করা হতো। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকায় জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতাল এবং চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি)-তে করোনা পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ