হামাসের রকেট-বৃষ্টিতে জ্বলছে ইসরায়েল

প্রকাশিত: 6:46 PM, May 12, 2021

বিশ্বভূবন ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর রাতভর বোমা হামলা অব্যাহত রয়েছে এখনও। উপকূলীয় অবরুদ্ধ এই ভূখণ্ডের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের সামরিক বাহিনী অভিযান আরো জোরদার করেছে।

 

পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে শেষ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। ইসরায়েলের ভেতরে বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট নিক্ষেপ করেছে গাজার ক্ষমতাসীন এই গোষ্ঠী।

ফরাসী বার্তাসংস্থা এএফপি বলছে, সোমবার থেকে এখন পর্যন্ত ইসরায়েলে দেড় হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে হামাস। এতে ইসরায়েলের সরকারি একটি জ্বালানি কোম্পানির পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পাইপলাইনে রকেট আঘাত হানার পর আগুন ধরে যায়।

 

এছাড়াও ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন ভবন ও আবাসিক এলাকায় আঘাত হেনেছে হামাসের ছোড়া রকেট।

 

সামরিক বাহিনী এই রকেট বৃষ্টির তথ্য নিশ্চিত করে বলেছে, তারাও উপত্যকায় হামাসের সামরিক স্থাপনা, ঘাঁটি এবং অস্ত্রাগারে পাল্টা বোমা হামলা অব্যাহত রেখেছে। এদিকে, ইসরায়েলের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি জ্বালানি কোম্পানির পাইপলাইন রকেট হামলা হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে গাজা উপত্যকা থেকে ছোড়া রকেটে পাইপলাইনে আগুন ধরে যায় বলে ইসরায়েলি এক কর্মকর্তা রয়টর্সকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  আম্ফানের ক্ষয়ক্ষতির খোঁজ নিতে মমতাকে প্রধানমন্ত্রীর ফোন

 

স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২ এ সম্প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, রাজধানী তেল আবিবের দক্ষিণের আশকেলোন শহরের পাশের ওই পাইপলাইনে আগুন জ্বলছে। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সেখানকার আকাশ।

 

স্থানীয় সূত্রগুলো বলছে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীগুলোর স্থাপনা ছাড়াও নিরাপত্তা ও পুলিশ ভবনে যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। গাজা শহরের তেল আল-হাওয়া এলাকায় ইসরায়েলি বোমায় গর্ভবতী এক নারী ও তার স্বামী এবং পাঁচ বছর বয়সী তাদের এক সন্তান নিহত হয়েছেন।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের চলমান বোমা হামলায় ১৪ শিশুসহ ৪৮ নিরীহ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরো প্রায় ৩০০ জন। তেলআবিব বলছে, গাজা উপত্যকা থেকে ধেয়ে আসা রকেটে পাঁচ ইসরায়েলিও মারা গেছেন। ইসরায়েলের সামরিক বাহিনীর যানবাহন লক্ষ্য করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধাদের ছোড়া রকেটে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। সূত্র: রয়টার্স, আলজাজিরা, টিআরটি ওয়ার্ল্ড।

সর্বশেষ সংবাদ