নগরীর কালিঘাটে কলেজ ছাত্রের উপর হামলা

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৪

নগরীর কালিঘাটে কলেজ ছাত্রের উপর হামলা

প্রভাতবেলা প্রতিবেদক : সিলেট নগরীর কালিঘাটে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়েছেন মদন মোহন কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল গাফফার সাফি। তিনি নগরীর ছড়ার পার এলাকার সুগন্ধা-১ নং বাসার মৃত মোঃ শাহাজান মঞ্জুরের পুত্র। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মুনিমের নির্দেশে তার বাহিনী এ হামলা চালায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ৩১ জানুয়ারি বিকেল ৫টার দিকে মোঃ আব্দুল গফফার সাফি কলেজ থেকে মোটর বাইকে বাসায় ফেরার পথে ক্বীনব্রিজ সংলগ্ন কালিঘাট এলাকায় আসলে মুনিম বাহিনীর সন্ত্রাসী লিমন, টুকাই মুন্না, বাবলাসহ ৪/৫ জন সন্ত্রাসী তার বাইকের গতিরোধ করে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই সন্ত্রাসীরা তাকে মারধর করতে থাকে। তখন সাফি চিৎকার করলে সন্ত্রাসীরা তাকে লাটি ও দেশিয় অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করে। এতে তার হাত ও মাথায় জখম হয়। সন্ত্রাসীদের আঘাতে শাফি জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে আহত মোঃ আব্দুল গফফার সাফির মা শাহনাজ পারভীন খাঁন কুইন অভিযোগ করেন, তার স্বামী মারা যাওয়ার পর থেকে স্থানীয় কাউন্সিলর তার ছড়ারপারস্থ বাসা দখলের জন্য নানা পায়তারা করে আসছেন। এই বাসা তার কাছে বিক্রি না করলে তিনি সাফিকে প্রাণে হত্যার হুমকি ধামকি দিয়ে আসছেন। আমি তাকে পরিস্কার জানিয়ে দিয়েছি যে, কোনভাবেই স্বামীর রেখে যাওয়া বাড়ি বিক্রি করতে পারবো না। আর ঐ বাসার উত্তরাধিকারী আমার পুত্র মোঃ আব্দুল গফফার সাফি। তাই সাফিকে প্রাণে হত্যার উদ্দেশ্যে মুনিম বাহিনী এই হামলা চালিয়েছে। এ বিষয়ে আমি পূর্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেছি। কিন্তু প্রভাবশালী এই কাউন্সিলরের বিরুদ্ধে কারো প্রতিবাদ করার সাহস নেই। আমি-ই এক ভুক্তভোগী নই, ভুক্তভোগী এমন অনেক আছেন আমার পরিচিত। মুনিম বাহিনীর বিরুদ্ধে কেউই মুখ খুলতে চায় না। এমনকি হামলার বিষয়ে কোতোয়ালী থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। নানা ধরনের টালবাহানা করে পুলিশ বিষয়টি এড়িয়ে যাচ্ছে। ছেলের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি বড়ই শংকায় রয়েছেন।
তবে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নগরীর কালিঘাটে কলেজ ছাত্র মোঃ আব্দুল গফফার সাফির উপর সন্ত্রাসী হামলা হয়েছে বলে নিশ্চিত করলেও কে বা কারা এ হামলা করেছে এ বিষয়ে তিনি জানেন না। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াতো কাউকে অভিযুক্ত করা যায়না। তবে বিষয়টি পুলিশের নজরে রয়েছে।
কাউন্সিলর মুনিমের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে। এ বিষয়ে তার ব্যক্তিগত মুঠোফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি। প্রতিবেদন প্রকাশ হওয়ার আগ পর্যন্ত তার বক্তব্য পাওয়া যায়নি।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ