আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ: ডা. বদরুদ্দোজা

প্রকাশিত: 10:00 PM, September 2, 2018

আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ: ডা. বদরুদ্দোজা

প্রভাতবেলা প্রতিবেদক, ঢাকা: তরুণ প্রজন্মের উদ্দেশ্যে নবগঠিত যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, তোমরা ভবিষ্যতে থাকবে, দেশ তোমাদের হাতে তুলে দিয়ে আজকে নিজেকে কৃতজ্ঞ মনে করছি। ভবিষ্যৎ তোমাদের হাতে।

রোববার (০২ সেপ্টেম্বর) রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘প্রজন্ম বাংলাদেশ’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও প্রজন্ম বাংলাদেশের উদ্যোক্তা মাহী বি চৌধুরী।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, তোমাদের মতো করে দেশকে ভালোবাসা, সেই ভালোবাসায় আমাদের হয়তো ঘাটতি ছিল। আজকে তোমরা সেই ঘাটতি পুরিয়ে দিয়েছ, আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ।

অনুষ্ঠানে যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, অপশাসনের বিরুদ্ধে যখন প্রজন্ম প্রতিবাদ করে তখন আমি আশাবাদী হই। একটা ভয়ের চাদর সারা দেশকে ঢেকে দিয়েছে। আবার শুনছি, কথা যতই বলেন না কেন, যা চলছে তা বদলাতে পারবেন না। এই প্রথমবার ছোট ছেলেমেয়েরা বলল যে, রাস্তা বন্ধ করে দিয়েছি, রাষ্ট্র মেরামত দরকার।’

আরও পড়ুন  নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

মান্না বলেন, আজকে যে মেসেজ দেয়া হলো, সেই মেসেজের সাথে আমি একমত। এই লড়াই যদি গড়ে তুলতে পারে, যতদিন পথ চলতে পারব ততদিন তোমাদের সঙ্গে থাকব।

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও প্রজন্ম বাংলাদেশের উদ্যোক্তা মাহী বি চৌধুরী বলেন, চলমান রাজনীতি দেশের মানুষকে শুধুই হতাশা দিয়েছে, স্বাধীনতার ৪৭ বছর রাজনীতিবিদের কাছে দেশের মানুষের যে প্রত্যাশা ছিল তা পূরণে ব্যর্থ হয়েছে। আর এ হতাশা থেকে জাতিকে মুক্তি দিতেই প্রজন্ম বাংলাদেশের যাত্রা।

মাহী বলেন, আজকে প্লান ‘বি’ কেন? ৪৭ বছর ধরে প্লান ‘এ’-কে জাতি ক্ষমতায় নিয়ে এসে জাতির প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্লান ‘এ’ ফেল করেছে। এ কারণে আমাদের এই প্লান ‘বি’। ৯০ এর গণতন্ত্রের যাত্রায় একটি দলের সরকার দেখলাম। তারা জাতির প্রত্যাশা পূরণ করেনি। ৯৬ এ পরিবর্তন এলো, সেবারও একটি দলের সরকার দেখলাম, তখনও জাতি হতাশ হলো। ২০০১ সালে জোটের সরকার দেখলাম, তারা মানুষের প্রত্যাশার কিছুই দিতে পারেনি। ২০০৮ সালে নতুন জোটে জোটে মহাজোট সরকার গঠন করল। দিন বদলের স্বপ্ন দেখাল। কিন্তু এখন আমাদের কী অবস্থা?

আরও পড়ুন  সুষ্ঠু নির্বাচনে আমরা বদ্ধপরিকর : সিইসি

সাবেক এই সাংসদ বলেন, এরপর দেখলাম ২০১৪ সালে ১৫৪ জন সংসদ সদস্য বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত, আবার বিরোধী দল সরকারের অংশ। একের পর এক প্লান ‘এ’ ফেল করছে। এসব কারণে আমরা চেষ্টা করে যাচ্ছি, এই অবস্থার পরিবর্তন দরকার।

সর্বশেষ সংবাদ