সিলেট | |
প্রকাশিত: 2:31 AM, June 7, 2017
সন্ত্রাসবাদে মদদ দেয়ার অজুহাতে কাতারের সঙ্গে সৌদি আরব নেতৃত্বে ছয় মুসলিম দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের পদক্ষেপে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এই সম্পর্কচ্ছেদের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে বলে অভিযোগ করেছে ইরান ও ইরাক। সাম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরপরই এমন সিদ্ধান্ত আসায় বিশেষজ্ঞরা মনে করছেন এতে মার্কিন প্রেসিডেন্ট পর্দার অন্তরাল থেকে কলকাঠি নাড়ছেন।
অন্যদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন উপসাগরীয় দেশগুলোকে ঐক্য বজায় রাখার আহ্বান জানালেও কাতার সঙ্গে সম্পর্ক ছিন্নের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইজরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে এই উদ্যোগ নিঃসন্দেহে সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি কাতারের সমর্থনের কারণে দেশটির ওপর আগে থেকেই ক্ষুব্ধ তেলআবিব।
এদিকে, অন্যান্য মুসলিম ভ্রাতৃপ্রত্রিম দেশগুলোকেও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সৌদি আহ্বানে মালদ্বীপ ও ইয়েমেন ছাড়া অন্য কোনো দেশ কেউ সাড়া দেয়নি। কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের বিষয়টি পাকিস্তান সরাসরি নাকচ করে দিয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেছেন, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে না ইসলামাবাদ।
সৌদি আরবের সঙ্গে দীর্ঘদিনের তিক্ত সম্পর্কের কারণে পরোক্ষভাবে ইরানকে টার্গেট করেই কাতারের সঙ্গে কূটনীতিক ও বাণিজ্যিক ও যোগাযোগসহ সকল সম্পর্কচ্ছেদ করা হয়েছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
মুসলিম ব্রাদারহুডসহ বিভিন্ন ইসলামিস্টদের সমর্থন দেয়ায় মিশর কাতারের প্রতি অনেক দিন ধরেই নিন্দা জানিয়ে আসছিলো। মুসলিম ব্রাদারহুডকে মিশর ও সৌদি আরব ভয়ানক রাজনৈতিক প্রতিপক্ষ মনে করে। সাম্প্রতিক এ ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভূমণ্ডলে বড় আকারের ফাটলের সৃষ্টি করেছে।
কাতার ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। পুতিন-এরদোগান আলাপে দুই নেতা কাতারের কূটনৈতিক সংকট থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করেন। এর আগে তুরস্কের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্যা সমাধানে কাতার ও অন্য আরব দেশগুলোর সঙ্গে মধ্যস্থতায় প্রস্তুত আঙ্কারা।
তুরস্কের উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস বলেছেন, প্রতিবেশিদের সঙ্গে কাতারের সমস্যা সমাধানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোগান।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভোসুগলো বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলোর মধ্য ঐক্য ও সংহতিকে তুরস্ক তার নিজের ঐক্য হিসেবে বিবেচনা করে।’
সূত্র: আল জাজিরা, রয়টার্স

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি