সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৪
আফজল হোসেন
লিটন-সৌম্যের ব্যাটে উড়ন্ত সূচনার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের বিশাল জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক শান্ত, ম্যাচজয়ী ফিফটিতে হয়েছেন ম্যাচ সেরাও।
১৬৬ রান তাড়ায় নেমে বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার শক্ত হাতেই শুরুটা করেন৷ দারুণ সব বাহারি শটে প্রথম পাওয়ার প্লে থেকে দুজনে যোগ করেন ৬৩ রান। সৌম্য’র ব্যাটে-বলে ঠিকঠাক না হলেও লিটন ছিলেন দুর্দান্ত। চোখ ধাঁধানো শটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারি ভর্তি দর্শকদের মাতিয়ে রাখেন লিটন। লিটনের সাথে সৌম্যও আজ কম যাননি, ২২ বলে ৫ বাউন্ডারিতে ২৫ রান করে আউট হন তিনি।
দুর্দান্ত ছন্দে থাকা লিটনও ফিরেছেনন খানিকটা দৃষ্টিকটু ভাবেই। সুনিপুণ কব্জির জাদুতে অসাধারণ শটে লিটন মাতিয়ে রাখবেন সবাইকে, কিন্তু হুটহাট তিনি ‘সফট ডিসমিসালে’ আউট হয়ে দর্শক মনে আক্ষেপ সৃষ্টি করবেন। নতুবা উইকেটে থিতু এমন শট খেলবেনই বা কেন, দর্শক মাতানো ২৪ বলে ৫ চার এবং ১ ছক্কায় খেলা ৩৬ রানের ইনিংসের সমাপ্তি ঘটে।
৮৩ রানে লিটনের বিদায়ের পর বাংলাদেশ দলের জয় সহজ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। দুজনের অবিচ্ছিন্ন ৮৭ রানের তৃতীয় উইকেট জুটিতেই জয়ের বন্দরে নোঙ্গর করে টাইগাররা। দুর্দান্ত ফিফটিতে দলের জয়ে নেতৃত্ব দেন শান্ত, ৩৮ বলে ৪ বাউন্ডারি এবং ২ ছক্কায় ৫২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলে মাঠ ছাড়েন শান্ত। অধিনায়ককে দারুণ সঙ্গ দেওয়া হৃদয়ও কম যাননি, ২৫ বলে ২ চার এবং ছক্কায় তার ব্যাটে আসে অপরাজিত ৩২ রান। শ্রীলঙ্কার হয়ে ২টি উইকেট শিকার করেন পাথিরানা।
টস ভাগ্য বরাবরই নাজমুল হোসাইন শান্তর পক্ষে, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও টসে জিতে সফরকারী শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশের কাপ্তান। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ লঙ্কান ওপেনার আবিষ্কা ফার্নান্দোর উইকেট দ্রুত তুলে নেন পেসার তাসকিন আহমেদ। প্রথম ম্যাচে ৪ রান করলেও ফার্নান্দো আজ ফিরেন শুন্য হাতে।
তবে যে থাকার কথা তিনি ক্রিজেই রয়েই গেলেন, প্রথম ম্যাচের মতো এতোটা বিধ্বংসী না হলেও শুরুর সেই ধাক্কা কুশল মেন্ডিস সামালা দেন আরেক মেন্ডিস –– কামিন্দুকে নিয়ে। দুই মেন্ডিসের ব্যাটে দ্বিতীয় উইকেটে ৬৬ রানের দারুণ এক জুটি পায় সফরকারীরা। উইকেটে থিতু হতে থাকা মেন্ডিসকে (৩৬) ফিরিয়ে এই জুটি ভাঙেন সৌম্য সরকার। ইনিংসের নবম ওভারে উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে মেন্ডিসকে প্যাভিলিয়নের পথ দেখান সৌম্য।
কুশলের পর কামিন্দুও ঠিকতে পারেননি বেশিক্ষণ, মাহেদী হাসান ও রিশাদ হোসাইনের যৌথ প্রযোজনায় রান আউটে কাটা পড়েন মাত্র ১০ রানের ব্যবধানে। ২৭ বলে ৩৭ রান করা কামিন্দু ফেরায় স্বস্তি আসে বাংলাদেশ শিবিরে। আগের ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬১ রান করা সাদিরা সামারাবিক্রমকে (৭) নিজের বলে ফিরতি ক্যাচে সাজঘরে পাঠান মুস্তাফিজুর রহমান। ফলে একশোর আগেই ৪ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। আর তাতেই সফরকারীদের বড় সংগ্রহও উবে যায়।
শেষ দিকে অ্যাঞ্জেলা ম্যাথিউস ও দাসুন শানাকা অবিচ্ছিন্ন ৫৩ রানের ষষ্ঠ উইকেটে জুটিতে দেড়শো ছাড়ায় শ্রীলঙ্কা। ৩৭ বলে ৫৩ রানের ষষ্ঠ উইকেটের এই জুটিতে শ্রীলঙ্কা স্বাগতিকদের ১৬৬ রানের লক্ষ্য ছুড়ে দেয়।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, মাহেদী হাসান, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় সিরিজে ফিরেছে সমতা। ফলে সিরিজের শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। শেষ ম্যাচে তাই যে দল জয় পাবে সেই দলে ঘরেই যাবে টি২০ সিরিজের শিরোপা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি