নির্বাচন কমিশন গঠন: চূড়ান্ত হয়নি নাম

প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৭

প্রভাতবেলা ডেস্ক: সার্চ কমিটির বৈঠকে ২০ জনের সংক্ষিপ্ত তালিকা পর্যালোচনা করা হয়েছে এবং অধিকতর পর্যালোচনার জন্য আগামী ৬ ফেব্রুয়ারি পরবর্তী বৈঠকের জন্য দিন ধার্য করা হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল ওয়াদুদ এ তথ্য জানান।

পরবর্তী বৈঠক আগামী ৬ ফেব্রুয়ারি বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে এবং ৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন কমিশনার নামের তালিকা রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে বলেও জানান তিনি।

আব্দুল ওয়াদুদ বলেন, যে ২০ জনের নামের তালিকা দেওয়া হয়েছে তাদের বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে কোনো গোয়েন্দা সংস্থার সাহায্য নেয়া হচ্ছে না।

এছাড়া নির্বাচন কমিশনার গঠনে যাদের তালিকা দেয়া হয়েছে তাদের কর্ম দক্ষতা, সততা, নিরপেক্ষতা বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলোর দেয়া নামের বাইরে আরো নাম বিবেচনা হতে পারে। এখনো কোনো নাম চূড়ান্ত হয়নি।

নির্বাচন কমিশন গঠনে রাজনৈতিক দলের সঙ্গে এক মাসের সংলাপ শেষে গত ২৫ জানুয়ারি ছয় সদস্যের এই সার্চ কমিটি গঠন করা হয়। সেদিনই ১০ কার্যদিবসের মধ্যে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

আরও পড়ুন  জুড়ীতে লন্ডন প্রবাসীর ঈদ উপহার

নতুন নির্বাচন কমিশনারদের নাম চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটি এই বৈঠক বসে।

এর আগে নির্বাচন কমিশন পুনর্গঠনে দুই দফায় ১৬ বিশিষ্ট নাগরিকের মতামত নেন সার্চ কমিটির সদস্যরা।

পূর্ব নির্ধারিত সময় বৃহস্পতিবার বিকেল ৪টার সময় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে এ বৈঠক বিকেল ৫টায় জাজেস লাউঞ্জে শুরু হয়।

আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সার্চ কমিটির সদস্য হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, মহা হিসাব নিরীক্ষক (সিএজি) মাসুদ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার উপস্থিত ছিলেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ