পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালাতে বলেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: 4:47 PM, June 25, 2018

প্রভাতবেলা প্রতিবেদকঃ সড়ক দুর্ঘটনা রোধে চালক ও যাত্রীদের সচেতনতামূলক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দূরপাল্লার যাত্রায় কোনোভাবেই যেন কোনো চালক পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালান সে বিষয়টি নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।

 

পাশাপাশি চালকদের উন্নত প্রশিক্ষণ ও দীর্ঘ চলাচলে বিশ্রামের ব্যবস্থা করতেও বলেছেন শেখ হাসিনা।

সোমবার (২৫ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।
সম্প্রতি সড়ক দুর্ঘটনায় গাইবান্ধাসহ বেশ কয়েকটি স্থানে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক এ বক্তব্য দেন।

মোহাম্মদ শফিউল আলম জানান, বৈঠকের শুরুতেই সড়ক পরিবহন নিয়ে আলোচনা হয়। সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রী বেশকিছু নির্দেশনা দিয়েছেন।

‘চালক ও হেলপারদের প্রশিক্ষণ, দীর্ঘ চলাচলে বিশ্রামের ব্যবস্থা করা, পাঁচ ঘণ্টার যেন বেশি না হয়। কারণ আন্তর্জাতিকভাবে পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালনা না করার বিষয়টি স্বীকৃত আছে’।

আরও পড়ুন  ঢাকা-১৪ আসনের এমপি আসলাম আর নেই

প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, রাস্তা পারাপারে সাবধানতা অবলম্বন করতে এবং চালক ও যাত্রীদের বেল্ট ব্যবহার করারও, বলে জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিয়য়ে স্বরাষ্ট্রমন্ত্রী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং নৌ পরিবহনমন্ত্রীকে এসব বিষয় তদারকির দায়িত্ব দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ