প্রতিকূলতার সাথে আপোস নয়, জীবন সংগ্রামের বেগেই আসবে পূর্ণতার আলোকজ্জোল প্রভাত

প্রকাশিত: 3:25 AM, January 1, 2021

প্রতিকূলতার সাথে আপোস নয়, জীবন সংগ্রামের বেগেই আসবে পূর্ণতার আলোকজ্জোল প্রভাত

মহাকালের অমোঘ নিয়মে বিদায়ের ঘণ্টা বাজছে ২০২০ সালের। দরজায় কড়া নাড়ছে নতুন বছর ২০২১। করোনা মহামারির কারণে বিষাদের বছর হিসেবে ইতিহাসে থেকে যাবে ২০২০ সাল।

গেল বছরের (২০১৯) সালের শেষের দিকে চীনের উহান প্রদেশে  ‘করোনা কভিড-১৯ ’ নামে ঘাতক ভাইরাসের আভির্ভাব ঘটে। ২০২০ সালের ১৩ জানুয়ারী চীনের বাইরে এ ভাইরাসের বিস্তার ঘটে।  ইউরোপ, আমেরিকা,অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং এশিয়ার প্রায় সবকটি দেশে করোনার বিস্তার ঘটে। দেখা দেয় মহামারী। দেশের পর মৃত্যুপুরীতে পরিণত হয়। করোনা ভাইরাস বছর শেষে নতুন রুপ ধারণ করে। বৃটেনে নতুন ধরণের করোনায় আক্রান্ত বাড়ছে উদ্বেগজনক হারে। সেই সাথে মৃত্যুর হারও শংকাজনক। সবচেয়ে বড় উৎকন্ঠার বিষয় বৃটেনে বসবাসরত বাংলাদেশীরাও আক্রান্ত হচ্ছেন আশঙ্কাজনক হারে।

এই উদ্বেগ উৎকন্ঠার ঢেউ এসে লাগছে বাংলাদেশেও। আমাদের দেশেও নতুন ধরণের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যাচ্ছে। পার্শ্ববর্তী কলকাতায় মিলছে করোনা ভাইরাসের নতুন ধরণের উপস্থিতি। বিশ্ব ও দেশবাসীর কাছে বছরের শেষদিনেও উদ্বেগের খবর।

করোনা ভাইরাসের টিকা আবিস্কারের খবরটি আমাদেরকে আশান্বিত করে । কিন্তু তৃতীয় বিশ্বের উন্নয়নশীল এই দেশে টিকা প্রাপ্তি ও ব্যবস্থাপনা নিয়ে আমরা দুশিন্তামুক্ত থাকতে পারছিনা।

‘ঘরোয়া রাজনীতি’— কথাটির সঙ্গে দেশের মানুষ  পরিচিত অনেক আগে থেকেই। আর ‘ভার্চুয়াল রাজনীতি’ বা ‘ই-রাজনীতি’ শব্দগুলোর সঙ্গে পরিচয় করাল প্রাণঘাতী করোনা ভাইরাস। রাজনীতির চলমান বাস্তবতায় ২০২০-এর শুরুতে রাজনীতির মাঠ কিছুটা সরগরম ছিল। পৃথিবী নামক গ্রহে হানা দেওয়া করোনা ভাইরাস মার্চের শেষদিকে বাংলাদেশেও ছড়িয়ে পড়লে রাজনীতির অতীতের চিরাচরিত সব ধরনের দৃশ্যপটই একেবারে বদলে যায়, বলা যায় পালটে যায় চিরচেনা রাজনীতির খোলনলচ। চলতে থাকা নিস্তরঙ্গ রাজনীতিকেও পথ-ঘাট-মাঠ ও দলীয় কার্যালয় থেকে ঘরে ঢুকিয়ে দিয়েছে করোনা।শীতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় রাজনীতির মাঠ কবে স্বাভাবিক হবে তা অনিশ্চিত।

আরও পড়ুন  বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

করোনায় যখন বিশ্ব অর্থনীতি প্রায় বিধ্বস্থ তখন দেশের অর্থনীতির অবস্থা স্বস্তিদায়ক বলা যায়। অর্থনৈতিক সক্ষমতার অন্যতম মাইলফলক হলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ৩০ ডিসেম্বর পর্যন্ত বৈদেশিক মুদ্রার মজুদ ৪৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ার অর্থ হলো অর্থনীতি শক্তিশালী হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়। বাংলাদেশ ব্যাংকের এ রিজার্ভ দিয়ে কমপক্ষে ১০ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা সম্ভব।

তুলনামূলক শক্ত অবস্থান ধরে রেখেছে রেমিট্যান্স, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও কৃষি খাত। তবে আবার রপ্তানি আদেশ কমে যাওয়া, বিনিয়োগে স্থবিরতা, কর্মসংস্থান তৈরি না হওয়া, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া—সব মিলিয়ে হতাশার দীর্ঘশ্বাস সাধারণ নাগরিকের মাঝে।

করোনা মহামারী বিশ্ববাসীকে এক কঠিন বার্তা দিয়েছে। অতি ক্ষুদ্র একটি ভাইরাসের কাছে পৃথিবীর মানুষ কতটা অসহায়। মানুষের ক্ষমতা শক্তি যে সীমিত তা দিবালোকের মত আবার প্রমাণিত হলোএই করোনাকালে। প্রকৃত অর্থেই মহপরাক্রমশালী মহান সৃস্টি কর্তা। আমরা তার মুখাপেক্ষী, তার কাছেই ক্ষমাপ্রার্থী। বিশ্বাসের এ বলে বলিয়ান হয়েই আমাদেরকে আগামীর পথে চলতে হবে।

আরও পড়ুন  রায়হান হত্যা: সেই সাইদুল শেখের ৩ দিনের রিমান্ড

নতুন বছরে আমরা একটি নতুন বিশ্ব ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছি । যতই উন্নত, যতই শক্তিশালী হোক না কেন, একা কোন দেশ শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে দাঁড়াতে পারবে না। পারস্পরিক সহযোগিতা এবং অংশীদারিত্বের মাধ্যমেই যে কোন বৈশ্বিক সংকট মোকাবিলা করা সম্ভব। আমাদের সকলকে এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। পাশাপাশি তারুণ্যের শক্তি ও প্রযুক্তি-জ্ঞানকে কাজে লাগিয়ে পৃথিবীকে মানুষের নিরাপদ বসবাসের উপযোগী করে গড়ে তুলতে হবে।

সৃস্টিকর্তার অমোঘ  বিধানেই, যেমন নতুনের আগমনী বার্তা আমাদের উদ্বেলিত করে, তেমনি অতীত-ভবিষ্যতের সন্ধিক্ষণে দাঁড়িয়ে পুরনো স্মৃতি-সম্ভারে হারিয়ে যাওয়ার চিরায়ত স্বভাব কখনও আনন্দ দেয়, আর কখনো বা কৃতকর্মের শিক্ষা নব-উদোমে সুন্দর আগামীর পথচলার জন্য অনুপ্রেরণা যোগায়।

সৃস্টিকর্তার পরম আশ্বাসে পথচলার প্রাণস্পর্শী পরিকল্পনায় চলতে হবে আগামী দিন। প্রতিকূলতার সাথে আপোস নয়, জীবন সংগ্রামের বেগেই পূর্ণতার আলোকজ্জোল প্রভাতের পথে শাণিত হোক প্রতিটি বনি আদমের জীবন। আর পাথেয় হোক সৃষ্টিকর্তার প্রতি অবিচল বিশ্বাস, মানুষের প্রতি ভালোবাসা। শুভ নববর্ষ। প্রভাতবেলা’র পাঠক শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে নিরন্তর শুভেচ্ছা। শুভ হোক ২০২১।

কবীর আহমদ সোহেল. সম্পাদক

৩১.১২.২০২০

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ