বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট

প্রকাশিত: 12:52 PM, September 1, 2020

বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘট

প্রভাতবেলা প্রতিবেদক:

বিশ্বনাথ-জগন্নাথপুর রশিদপুর সড়ক সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে অনিদিষ্ট কালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জগন্নাথপুর সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

উপজেলাবাসীর যোগাযোগের প্রধান সড়ক এটি। এ সড়ক দিয়ে জগন্নাথপুর উপজেলার মানুষ বিভাগীয় শহর সিলেটে যাতায়াত করেন। সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বারবার সংস্কারের দাবি উঠলেও সংস্কার কাজ যথা সময়ে শুরু হয়নি।

অন্যদিকে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম বলেন, বন্যায় সড়কটি পানিতে নিমজ্জিত ছিল। এছাড়া করোনা সংক্রমণ ও পাথর সংকটের কারণে সংস্কার কাজ কিছুটা ধীর গতিতে হয়েছে। সোমবার (৩১ আগস্ট) থেকে আবার পুরোদমে কাজ শুরু হয়েছে। বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসন, ঠিকাদার, এলজিইডি ও পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা হয়েছে। তারপরও ধর্মঘট ডাকা অযৌক্তিক।

গত বছরের শেষের দিকে জগন্নাথপুর অংশের ১৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২৫ কোটি টাকার টেন্ডার আহবান করা হলে কাজটি পায় মাদারীপুরেরর ঠিকাদারি প্রতিষ্ঠান হামীম সালেহ (জেভি)। চুক্তি অনুয়ায়ী গত ১০ ফেব্রুয়ারি থেকে সড়কের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজ শুরু হয় মার্চের প্রথম দিকে। চুক্তি মোতাবেক আগামী বছরের ৩১ মার্চ কাজটি শেষ হওয়ার কথা।

আরও পড়ুন  গুড়িয়ে দেওয়া হলো দুটি ইটভাটা, জরিমানা ৪০ লাখ টাকা

জগন্নাথপুর উপজেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি নিজামুল করিম জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।  তাই বাধ্য হয়ে কর্মসূচি দিয়েছি।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ইঞ্জিনিয়ার সাকলাইন হোসেন জানান, করোনা ও বন্যা পরিস্থিতির কারণে সংস্কার কাজ ব্যাহত হয়েছে। তবে আজ থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করা হবে।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, তিন দফা বন্যা, করোনা সংক্রমণ, বৈরি আবহওয়া ও পাথর সংকটের কারণে কাজ থেমে ছিল। সোমবার থেকে পুরোদমে কাজ শুরু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম সারোয়ার বলেন, এলজিইডি’র তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক আইডিএ এর অর্থায়নে জগন্নাথপুর-বিশ্বনাথ সড়কের ১৩ কিলোমিটার সড়ক সংস্কারের জন্য ২৫ কোটি ৮ লাখ ৩৬ হাজার টাকা বরাদ্দ পাওয়া গেছে। সড়কের কাজ চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ