লালমনিরহাটে টাকা ছিনতাইয়ের চেষ্টা, দুই পুলিশ সদস্য প্রত্যাহার

প্রকাশিত: 6:17 PM, June 12, 2024

লালমনিরহাটে টাকা ছিনতাইয়ের চেষ্টা, দুই পুলিশ সদস্য প্রত্যাহার
প্রভাতবেলা ডেস্ক: লালমনিরহাটের হাতীবান্ধায় হাসমত আলী নামে এক ভুট্টা ব্যবসায়ীকে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১২ জুন) সকালে অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্যকে লালমনিরহাট পুলিশ লাইনে পাঠানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে নারায়ণ বর্মণ ও মামুন মিয়া নামে ওই পুলিশ সদস্য প্রত্যাহার করে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়। তারা হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলো।

ভুক্তভোগী ভুট্টা ব্যবসায়ী হাসমত আলী জানান, মঙ্গলবার রাতে উপজেলার সাধুর বাজার থেকে পার্শ্ববর্তী নীলফামারী জেলার ডিমলা উপজেলায় যাওয়ার সময় তিস্তা ফ্লাড বাইপাস নামক এলাকার মাঝামাঝি অন্ধকারে তাকে পথরোধ করে দুই ব্যক্তি। এ সময় তার কাছে থাকা ৪৩ লাখ টাকাসহ একটি ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। তখন হাসমত আলী চিৎকার দিলে ওই দুই ব্যক্তি পুলিশ সদস্যের পরিচয় দেয়। পরে চিৎকার শুনে স্থানীয়রাসহ ব্যবসায়ীরা পুলিশ ফাঁড়ির সামনে জড়ো হয় এবং লালমনিরহাট-নীলফামারী সড়কের তিস্তা ব্যারাজ এলাকায় বিক্ষোভ করতে থাকে।

আরও পড়ুন  শাবির ৫ সাবেক শিক্ষার্থী আটক

খবর পেয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশ ফাঁড়িতে ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহারের ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। রাতেই অভিযুক্ত পুলিশ সদস্য নারায়ণ বর্মণ ও মামুন মিয়াকে প্রত্যাহার করে দোয়ানী পুলিশ ফাঁড়ি থেকে হাতীবান্ধা থানায় নিয়ে আসা হয়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, অভিযোগের কারণে ওই দুই পুলিশ সদস্যকে থানায় নিয়ে আসা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ