সিলেট ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০২২
প্রভাতবেলা ডেস্ক :
২০১৮ সালে খাসোগি-হত্যাকান্ডের পর এই প্রথম সৌদী আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। আগামী মাসে এরদোগান সৌদী আরবে যাবেন। ২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর পর তুরস্ক ও সৌদীর সম্পর্ক খারাপ হয়। তারপর থেকে এরদোগানও আর সৌদী যাননি। কিন্তু এরদোগান সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে জানিয়েছেন, আগামী মাসে তিনি সৌদী সফরে যবেন।
খাসোগি হত্যার পর দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। এরদোগান তখন বলেছিলেন, সৌদী সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তার নির্দেশে খাসোগিকে হত্যা করা হয়েছে। তিনি অবশ্য সৌদীর যুবরাজ ও ক্ষমতার আসল চাবিকাঠি যার হাতে সেই মোহাম্মদ বিন সালমানের নাম নেননি।
সৌদী আরবও প্রত্যাঘাত করে। তুরস্কের বিরুদ্ধে অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা চালু হয়। তুরস্কে না যাওয়ার নির্দেশও দেয়া হয়। ফলে তুরস্কের অর্থনীতির উপর চাপ পড়ে। এই মুহূর্তে তুরস্কের অর্থনীতি রীতিমতো চাপে।
গত মে মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সৌদী সফরে যান। তিনি সৌদীর পররাষ্ট্রমন্ত্রীকে ‘ভাই’ বলে সম্বোধন করে জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। এরদোগানও গতমাসে সৌদীর যুবরাজের সঙ্গে কাতারে একটি বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি।
বিশ্বের প্রায় সবকটি প্রধান সংবাদপত্রে খাসোগি হত্যাকান্ডের খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছিল। খাসোগি ছিলেন সৌদী শাসকদের বিরোধী। তিনি ওয়াশিংটন পোস্টের সঙ্গে জড়িত ছিলেন এবং অ্যামেরিকায় থাকতেন। ইস্তাম্বুলের সৌদী কনসুলেটে তাকে হত্যা করা হয়।
সম্প্রতি অ্যামেরিকার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন যে, যুবরাজের সম্মতিতেই খাসোগিকে হত্যা করা হয়েছে। যে ১৫ জনের দল খাসোগিকে হত্যা করার জন্য গিয়েছিল, তার মধ্যে ৭ জন যুবরাজের এলিট দেহরক্ষী বাহিনীর সদস্য। তারা যুবরাজ ছাড়া আর কাউকে রিপোর্ট করে না। সূত্র: এএফপি, রয়টার্স।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি