সিলেট | |
প্রকাশিত: 8:53 PM, January 15, 2017
প্রভাতবেলা প্রতিবেদক : ১৫ জানুয়ারী রোববার সরকারি ব্যবস্থাপনায় ২০১৭ সালের হজ গমনেচ্ছুদের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব আব্দুল জলিল, বেসরকারি হজ এজেন্সিদের সংগঠন হাবের সভাপতি ইব্রাহিম বাহার, মহাসচিব শেখ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মতিউর রহমান বলেন, গত বছর থেকে ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনা চালু হয়েছে। এবারও তা চলবে। প্রাক নিবন্ধন কার্যক্রম শুরুর জন্য আমরা ইতোমধ্যেই ৯৬৪টি বৈধ হজ এজেন্সির তালিকা এবং টাকা জমা দেয়ার জন্য ২৫টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছি। গত বছর এক লাখ ৪০ হাজার ৯৯৪ জন হজে যাওয়ার জন্য প্রাক নিবন্ধন করেছিলেন। যার মধ্যে এক লাখ এক হাজার ৮২৯ জন হজে গিয়েছিলেন। গতবার যারা যেতে পারেননি তারা ২০১৭ সালের জন্য নিবন্ধন করেছেন। তারা এ বছর অগ্রাধিকার পাবেন।
তিনি আরো বলেন, এবছর সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হবে ৫৪০২ নম্বর সিরিয়াল থেকে। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক নিবন্ধন কার্যক্রম শুরু হবে এক লাখ ৪০ হাজার ৯৯৫ নম্বর সিরিয়াল থেকে।
কতদিন ধরে প্রাক-নিবন্ধন চলবে এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটি চলমান প্রক্রিয়া। কোটা পূরণ না হওয়া পর্যন্ত চলবে। তবে এ ব্যাপারে সচিব আব্দুল জলিল জানান, সৌদি সরকার আগামী মার্চ মাসের মধ্যে প্রাক-নিবন্ধন সম্পন্ন করার জন্য বলেছে।
অপর এক প্রশ্নের জবাবে সচিব জানান, এ বছর এক লাখ ২৫ হাজারের বেশি হজযাত্রী সৌদি যাওয়ার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। এদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজে গমনেচ্ছুদের নিবন্ধন কবে শুরু হবে তা নিশ্চিত করে বলতে পারেননি মন্ত্রী। আগামী মাসে শুরু হতে পারে জানালেও কত তারিখ থেকে শুরু হবে তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি তিনি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি