২৫ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ৩০, ২০১৮

২৫ সংসদীয় আসনের সীমানা পরিবর্তন

প্রভাতবেলা প্রতিবেদিকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী অক্টোবরে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তবে অক্টোবরের কত তারিখে তফসিল ঘোষণা করা হবে সে সম্পর্কে তিনি কিছু বলেননি। ২৫ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন-ইসি। আজ সোমবার (৩০ এপ্রিল) কমিশনসভায় এ সীমানা চূড়ান্ত করা হয়। পরিবর্তিত আসনে একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ঢাকার কোনো আসনের সীমানা পরিবর্তন হয়নি। সোমবার জাতীয় নির্বাচনের সীমানা নির্ধারণ ২০১৮ নিয়ে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম এ তথ্য জানান।
জানা গেছে, বাংলাদেশ নির্বাচন কমিশন প্রকাশিত ‘নির্বাচনি সংলাপ ২০১৭’ বইটি শুরুতেই বলা হয়েছে দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয় ২৯ জানুয়ারি। সে অনুযায়ী ২০১৯ সালের জানুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে একাদশ জাতীয় নির্বাচন করার সংবিধানিক বাধ্যবাধকাতা রয়েছে।
সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের জন্য নির্বাচন কমিশন গত ১৪ মার্চ ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের খসড়া গ্যাজেট আকারে প্রকাশ করে। এর পক্ষে বিপক্ষে দাবি ও আপত্তি গ্রহণ করে কমিশন। এতে আপত্তি জানিয়ে ৪০৭টি এবং ইসির পক্ষ সমর্থন করে ২২৪টি আবেদন জমা পড়ে। এসব আপত্তির পর গত শনিবার থেকে শুনানি শুরু করে। শুনানি শেষে আজ ৩০ এপ্রিল চূড়ান্ত গেজেট প্রকাশ করবে ইসি।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘পরিবর্তিত সংসদীয় আসনগুলো বেশিরভাগই ২০০৮ সালে নির্বাচনের সময়ের সীমানায় ফিরে গেছে। আর বাকি ২৭৬ আসন দশম নির্বাচনের সময়ের মতো রয়েছে’।
তিনি বলেন, প্রতি সংসদ নির্বাচনের আগে নির্বাচন কমিশন আদমশুমারি রিপোর্টের ভিত্তিতে জনসংখ্যার অনুপাত, প্রশাসনিক সুবিধা, ভৌগোলিক অখণ্ডতা বিবেচনায় নিয়ে সংসদীয় আসনে সীমানা পরিবর্তন করে থাকে। সে অনুযায়ী এবার আদমশুমারি রিপোর্ট প্রকাশিত না হলেও এমপি ও স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতে এসব আসনের সীমানায় এ পরিবর্তন আনা হয়েছে। সংবাদ সম্মেলনে ইসি সচিব হেলালুদ্দিন আহমেদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ