আলহামদুলিল্লাহ, প্রার্থিতা ফিরে পেলাম: ডলি সায়ন্তনী

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৩

আলহামদুলিল্লাহ, প্রার্থিতা ফিরে পেলাম: ডলি সায়ন্তনী
প্রভাতবেলা প্রতিবেদক: পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র আপিলে বৈধ ঘোষণা করা হয়েছে। পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ, প্রার্থিতা ফিরে পেলাম।

 

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা দেওয়া হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন ডলি সায়ন্তনী।

 

তিনি বলেন, আলহামদুলিল্লাহ, প্রার্থিতা ফিরে পেলাম। এত দিন প্রার্থিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এখন সেটা নেই। আমি পাবনার মানুষের কাছাকাছি যেতে চাই। আমি আজকেই ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হব। আমার জন্য পাবনা-২ এর জনগণ অপেক্ষা করছেন।

 

এর আগে গত ৩ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান।

 

এ বিষয়ে সেদিন ডলি সায়ন্তনী বলেছিলেন, কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা প্রকাশ করছি।

আরও পড়ুন  ইউপি চেয়ারম্যান থেকে সংসদ সদস্য

 

এর আগে গত ২৯ নভেম্বর বিকাল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিজেই উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। সেদিন তিনি বলেন, আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এজন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবেন।

সর্বশেষ সংবাদ